ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত, ব্রাজিল-আর্জেন্টিনার গ্রুপে কারা
ছবি: সংগৃহীত
১০:২০ পিএম | ২১ মে, ২০২৬
কাতারে অনুষ্ঠিত হতে যাওয়া ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ড্র সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) সুইজারল্যান্ডের জুরিখে ফিফা সদর দপ্তরে আয়োজিত ড্র অনুষ্ঠানে ৪৮ দলের বৈশ্বিক এই আসরের গ্রুপ ভাগ্য নির্ধারণ করা হয়। আগামী ১৯ নভেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত দ্বিতীয়বারের মতো কাতারে বসবে যুবাদের এই বিশ্বমঞ্চ।
গত আসরে প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে আয়োজিত টুর্নামেন্টটি ব্যাপক সাফল্য পেয়েছিল। এবারও বিশ্ব ফুটবলের ভবিষ্যৎ তারকাদের জমজমাট লড়াইয়ের প্রত্যাশা করছে ফুটবলপ্রেমীরা। গ্রুপ পর্বেই বেশ কয়েকটি হাইভোল্টেজ ম্যাচের সম্ভাবনা তৈরি হয়েছে। বিশেষ করে স্পেন-মরক্কো, ফ্রান্স-উরুগুয়ে কিংবা জাপান-কলম্বিয়া লড়াই ইতোমধ্যেই আলোচনায়।
সবচেয়ে সফল দল ব্রাজিল পড়েছে ‘আই’ গ্রুপে। তাদের সঙ্গে আছে রিপাবলিক অব আয়ারল্যান্ড, তানজানিয়া ও কোস্টারিকা। তুলনামূলক সহজ গ্রুপ পেলেও আফ্রিকান দল তানজানিয়া চমক দেখাতে পারে।

অন্যদিকে আর্জেন্টিনা খেলবে ‘সি’ গ্রুপে। সেখানে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, আফ্রিকার প্লে-অফ জয়ী একটি দল (কাফ ২) এবং ডেনমার্ক।
দক্ষিণ আমেরিকার এই জায়ান্টদের জন্য গ্রুপটি মাঝারি কঠিন বলেই ধরা হচ্ছে। ইউরোপিয়ান পরাশক্তি ফ্রান্স পড়েছে শক্তিশালী ‘ডি’ গ্রুপে। তাদের সঙ্গে রয়েছে উরুগুয়ে, সৌদি আরব ও হাইতি। এই গ্রুপকে ড্রয়ের অন্যতম কঠিন গ্রুপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
এদিকে ‘এইচ’ গ্রুপে মুখোমুখি হবে স্পেন ও মরক্কো। সাম্প্রতিক বছরগুলোতে বয়সভিত্তিক ফুটবলে দুই দলই দুর্দান্ত পারফরম্যান্স করায় এই ম্যাচ ঘিরে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে। আরেক আকর্ষণীয় গ্রুপ ‘এল’-এ রয়েছে এশিয়ার শক্তিশালী দল জাপান, দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়ন কলম্বিয়া, ইউরোপের সার্বিয়া ও উত্তর আমেরিকার হন্ডুরাস।
এখনও দুটি দল চূড়ান্ত হয়নি। আফ্রিকান প্লে-অফে ইথিওপিয়া-মোজাম্বিক এবং উগান্ডা-ঘানার ম্যাচের বিজয়ীরা বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেবে।
৪৮ দলের কে কোন গ্রুপে-
গ্রুপ ‘এ’: কাতার, পানামা, মিশর, গ্রিস
গ্রুপ ‘বি’: দক্ষিণ কোরিয়া, কাফ ১, নিউ ক্যালেডোনিয়া, ইকুয়েডর
গ্রুপ ‘সি’: আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, কাফ ২, ডেনমার্ক
গ্রুপ ‘ডি’: ফ্রান্স, হাইতি, সৌদি আরব, উরুগুয়ে
গ্রুপ ‘ই’: ইতালি, জ্যামাইকা, আইভরি কোস্ট, উজবেকিস্তান
গ্রুপ ‘এফ’: সেনেগাল, ক্রোয়েশিয়া, কিউবা, তাজিকিস্তান
গ্রুপ ‘জি’: মালি, নিউজিল্যান্ড, বেলজিয়াম, ভিয়েতনাম
গ্রুপ ‘এইচ’: স্পেন, চীন, ফিজি, মরক্কো
গ্রুপ ‘আই’: ব্রাজিল, রিপাবলিক অব আয়ারল্যান্ড, তানজানিয়া, কোস্টারিকা
গ্রুপ ‘জে’: যুক্তরাষ্ট্র, মন্টিনিগ্রো, চিলি, আলজেরিয়া
গ্রুপ ‘কে’: মেক্সিকো, রোমানিয়া, ক্যামেরুন, ভেনেজুয়েলা
গ্রুপ ‘এল’: জাপান, কলম্বিয়া, সার্বিয়া, হন্ডুরাস
৪৮ দলের এই টুর্নামেন্টে ১২ গ্রুপের শীর্ষ দুই দল এবং সেরা আটটি তৃতীয় স্থানের দল জায়গা করে নেবে নকআউট পর্বে। এরপর শুরু হবে সরাসরি এলিমিনেশন রাউন্ডের লড়াই।
এমআর/টিকে