দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ বাস-মিনিবাস সংঘর্ষ, প্রাণ গেল ১০ জনের
ছবি: সংগৃহীত
১০:৩৬ পিএম | ২১ মে, ২০২৬
দক্ষিণ আফ্রিকার পূর্বাঞ্চলীয় প্রদেশ উম্পুমালাঙ্গায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ মে) সকালে একটি মিনিবাস ট্যাক্সি ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এই প্রাণহানি ঘটে।
স্থানীয় কর্তৃপক্ষের বরাতে চীনের সংবাদ সংস্থা সিনহুয়া জানায়, দুর্ঘটনাটি ঘটে স্থানীয় সময় সকাল ৫টা ১৫ মিনিটে।
উম্পুমালাঙ্গা ডিপার্টমেন্ট অব কমিউনিটি সেফটি, সিকিউরিটি ও লিআইসনের বরাতে বলা হয়েছে, নিহতদের সবাই মিনিবাস ট্যাক্সির যাত্রী ছিলেন, যার মধ্যে চালকও রয়েছেন।
প্রাথমিক তদন্তে জানা গেছে, দুর্ঘটনার সময় এলাকায় ঘন কুয়াশা ছিল, যার কারণে দৃশ্যমানতা কমে যায়। এতে সংঘর্ষের ঝুঁকি বেড়ে যায়।
ঘটনাস্থলেই ৮ জন মারা যান, একজন হাসপাতালে নেওয়ার পথে এবং আরেকজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
অন্যদিকে বাসের চালক সামান্য আহত হয়েছেন এবং বাসের এক যাত্রী অক্ষত অবস্থায় বেঁচে যান।
কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার সঠিক কারণ এখনো তদন্তাধীন। তবে বেপরোয়া বা অবহেলাজনিত ড্রাইভিংয়ের বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।
এমআর/টিকে