© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রামিসা হত্যাকারীদের বিচার দাবিতে মধ্যরাতে উত্তাল মিরপুর

শেয়ার করুন:
রামিসা হত্যাকারীদের বিচার দাবিতে মধ্যরাতে উত্তাল মিরপুর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:২৫ এএম | ২২ মে, ২০২৬
রাজধানীর পল্লবীতে আলোচিত রামিসা ধর্ষণ ও হত্যা ঘটনায় ক্ষোভে ফুঁসে উঠেছে এলাকাবাসী। হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি ও দ্রুত বিচার দাবিতে বৃহস্পতিবার (২১ মে) দিবাগত রাতে মিরপুর ১০ নম্বর গোলচত্বর অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয়রা।

বিক্ষোভের ফলে ওই এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এ সময় আন্দোলনকারীরা ‘জাস্টিস ফর রামিসা’, ‘ফাঁসি চাই’সহ বিভিন্ন স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলেন।

বিক্ষোভকারীরা বলেন, দেশে বিচারপ্রক্রিয়ার দীর্ঘসূত্রতার কারণেই এমন নৃশংস ঘটনা বারবার ঘটছে। তারা দ্রুত তদন্ত সম্পন্ন করে আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অনেকেই ২৪ ঘণ্টার মধ্যে মৃত্যুদণ্ড কার্যকরের দাবিও তোলেন।

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান নিহত শিশুর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে গভীর সমবেদনা জানান এবং দ্রুত ও সুষ্ঠু তদন্তের আশ্বাস দেন।

গত মঙ্গলবার (১৯ মে) সকালে রাজধানীর পল্লবীর একটি বাসা থেকে রামিসার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

মামলার প্রধান আসামি জাকির হোসেন ওরফে সোহেল রানাকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পরে তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

টিজে/টিএ 

মন্তব্য করুন