মোটরসাইকেল চুরি করে পালানোর সময় দুর্ঘটনায় নিহত
ছবি: সংগৃহীত
০২:৩৯ এএম | ২২ মে, ২০২৬
মৌলভীবাজারের কুলাউড়া–সিলেট মহাসড়কের রাজনগর উপজেলার কুচিমোড়া নামক এলাকায় একটি সেতুর রেলিংয়ে ধাক্কা খেয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে জয় (২৬) নামের এক চিহ্নিত মোটরসাইকেল চোর নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ মে) এ দুর্ঘটনা ঘটে। নিহত জয় কুলাউড়া উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের দক্ষিণ গিয়াসনগর গ্রামের ছরকুম আলীর ছেলে।
জানা যায়, মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত জয়ের বিরুদ্ধে কুলাউড়া থানায় একাধিক মোটরসাইকেল চুরির মামলা রয়েছে। কিছুদিন আগে কুলাউড়া পৌর শহরের মিলি প্লাজার গেট থেকে এক ব্যবসায়ীর মোটরসাইকেল চুরি করে পালিয়ে যায়।
যে মোটরসাইকেলটি নিয়ে দুর্ঘটনায় পড়ে তাঁর মৃত্যু হয়েছে, সেটিও দুই দিন আগে জুড়ী উপজেলার সাগরনাল এলাকা থেকে চুরি করা হয়েছিল বলে জানা গেছে। বৃহস্পতিবার বেপরোয়া গতিতে সিলেটের দিকে যাওয়ার সময় রাজনগর উপজেলার কুচিমোড়া এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একটি সেতুর রেলিংয়ে ধাক্কা লেগে নিচে পড়ে যান জয়।
খবর পেয়ে রাজনগর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মুমূর্ষু অবস্থায় জয়কে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
রাজনগর থানার অফিসার ইনচার্জ মো. ফরিদ উদ্দিন ভূইয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, নিহত জয় পেশায় মোটরসাইকেল চোর ছিলেন। তাঁর বিরুদ্ধে কুলাউড়া থানায় একাধিক মামলা রয়েছে।
ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ বিষয়ে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান মোল্ল্যা বলেন, নিহত জয় কুলাউড়ার ছিনতাইকারী ও মোটরসাইকেল চোরচক্রের অন্যতম সদস্য ছিলেন। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
টিজে/টিএ