© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

তেঁতুলিয়ায় গুজব ছড়িয়ে দুই পুলিশ সদস্যের ওপর হামলা

শেয়ার করুন:
তেঁতুলিয়ায় গুজব ছড়িয়ে দুই পুলিশ সদস্যের ওপর হামলা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:২৪ এএম | ২২ মে, ২০২৬
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ওয়ারেন্ট তামিল, জুয়া ও মাদকবিরোধী অভিযানের তথ্য সংগ্রহ করতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার হয়েছেন দুই পুলিশ সদস্য। অভিযোগ উঠেছে, গুজব ছড়িয়ে এ হামলার ঘটনা ঘটানো হয়েছে। আহত দুই পুলিশ সদস্য বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (২১ মে) দিবাগত রাতে তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

এর আগে, একই দিন দুপুরে উপজেলার ভজনপুর ইউনিয়নের সংগঠন ও মূর্খাজোত সীমান্তসংলগ্ন এলাকায় মোটরসাইকেলযোগে পৌঁছালে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন: তেঁতুলিয়া মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সোহেল ও এএসআই তুহিন।

ওসি লাইছুর রহমান জানান, এএসআই সোহেল ও তুহিন সিভিল পোশাকে মোটরসাইকেলে করে ওই এলাকায় জুয়া, মাদক এবং ওয়ারেন্টভুক্ত আসামিদের তথ্য সংগ্রহে গিয়েছিলেন। এ সময় রাস্তা দিয়ে একটি ইঞ্জিনচালিত ট্রলি যাওয়ার সময় হঠাৎ উল্টে যায়। ঘটনাটি দেখে মানবিক কারণে ট্রলিতে থাকা ব্যক্তিদের উদ্ধারে এগিয়ে যান তারা।

তিনি আরও জানান, উদ্ধারকাজ চলাকালে স্থানীয় কিছু উৎসুক জনতা ও দুষ্কৃতকারী একটি মিথ্যা গুজব ছড়িয়ে দেয়। তারা দাবি করে, পুলিশের উপস্থিতির কারণেই ট্রলিটি দুর্ঘটনার শিকার হয়েছে। এ গুজব ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে এলাকায় উত্তেজনা তৈরি হয়।

একপর্যায়ে উত্তেজিত জনতা দুই পুলিশ সদস্যকে ঘিরে ফেলে এবং তাদের ওপর কিল-ঘুষিসহ শারীরিক হামলা চালায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে আক্রান্ত পুলিশ সদস্যরা তাৎক্ষণিকভাবে তেঁতুলিয়া থানা পুলিশকে বিষয়টি জানান। পরে অতিরিক্ত পুলিশ সদস্য ঘটনাস্থলে পৌঁছে অবরুদ্ধ ও আহত দুই এএসআইকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

ওসি জানান, আহত পুলিশ সদস্যদের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে এবং তারা বর্তমানে চিকিৎসাধীন আছেন।

টিজে/টিএ 

মন্তব্য করুন