© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টায় ব্যর্থ ভুয়া ডিবি, পুরস্কার পেলেন চালক

শেয়ার করুন:
ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টায় ব্যর্থ ভুয়া ডিবি, পুরস্কার পেলেন চালক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৪৬ এএম | ২২ মে, ২০২৬
রাজবাড়ীতে ভুয়া ডিবি পুলিশের পরিচয়ে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা নস্যাৎ করে সাহসিকতার নজির গড়েছেন চালক হাসিবুল হাসান (১৯)। জীবন ঝুঁকি নিয়ে ও উপস্থিত বুদ্ধিতে সেই ছিনতাইকারীকে আটক করতে সহায়তা করায় চালককে পুরস্কৃত করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২১ মে) সকালে পুলিশ লাইন ড্রিল শেডে মাসিক কল্যাণ সভায় তাকে এই পুরষ্কৃত করা হয়; পুরস্কার হাতে তুলে দেন রাজবাড়ী পুলিশ সুপার মনজুর মোরশেদ। হাসিবুল গোয়ালন্দঘাট উপজেলার রসুলপুর এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৬ এপ্রিল বিকেলে ইজিবাইক নিয়ে বের হয়েছিলেন হাসিবুল। আনুমানিক সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে রাজবাড়ীর অন্তুর মোড় এলাকায় যাত্রীর অপেক্ষায় ছিলেন চালক। এ সময় এক ব্যক্তি নিজেকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে বাগমারা সড়কে যাওয়ার কথা বলে; তার সঙ্গে আরও দুইজন রয়েছে যারা মোটরসাইকেলে পেছনে আসবে বলে জানান। পরে চালক হাসিবুল হাসান তাকে নিয়ে রাজবাড়ীর দিকে রওনা দেন।

পথিমধ্যে গোদার বাজার এলাকার একটি নির্জন স্থানে পৌঁছালে ওই ব্যক্তি মোবাইলে কথা বলে ‘কাজ সাকসেস হয়েছে’ বলে জানায়। এক পর্যায়ে ইজিবাইক চালককে মারধর করে। এতে পরিস্থিতি বিপজ্জনক হয়ে উঠলেও ভয় না পেয়ে অসাধারণ সাহসিকতা ও উপস্থিত বুদ্ধির পরিচয় দেন হাসিবুল হাসান।

নিজেকে ও ইজিবাইক রক্ষায় তিনি কৌশলে গাড়িটি দ্রুত পান্না চত্বর এলাকায় কালামের ফুলের দোকানের ভেতরে ঢুকিয়ে দেন। তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

আটক ব্যক্তি সোহাগ মুসুল্লি (৪০) নড়াইল জেলার কালিয়া উপজেলার বড়নাল এলাকার বাসিন্দা। পুলিশ তার কাছ থেকে একটি কালো রঙের ওয়াকিটকি উদ্ধার করে। এ ঘটনায় রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

আইকে/টিএ

মন্তব্য করুন