৪ জুনের মধ্যে সব স্কুল-কলেজের ওয়েবসাইট হালনাগাদের নির্দেশ
ছবি: সংগৃহীত
০৫:৫৮ এএম | ২২ মে, ২০২৬
দেশের সব সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, স্কুল অ্যান্ড কলেজ) নিজস্ব ওয়েবসাইট তৈরি এবং তথ্য নিয়মিত হালনাগাদকরণের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। একইসঙ্গে জাতীয় তথ্য বাতায়নের আওতাধীন মাঠ পর্যায়ের শিক্ষা অফিসও আগামী ৪ জুনের মধ্যে এই নির্দেশনা বাস্তবায়ন করে একটি নির্দিষ্ট গুগল ফর্মে তথ্য সাবমিট করতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) মাউশির মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলের সই করা এক অফিস আদেশে এই নির্দেশনা দেওয়া হয়েছে।
এতে বলা হয়েছে, জাতীয় তথ্য বাতায়নের অধীনে মাউশির আওতাধীন আঞ্চলিক কার্যালয়, জেলা, উপজেলা ও থানা শিক্ষা অফিস এবং অধীনস্থ সরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের ওয়েবসাইট চালু থাকলেও সেগুলোতে প্রয়োজনীয় তথ্য নিয়মিত হালনাগাদ করা হচ্ছে না। এছাড়া বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইট তৈরি ও হালনাগাদকরণের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের পূর্বনির্ধারিত নির্দেশনা রয়েছে।
অফিস আদেশে উল্লেখ করা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী সব অফিসের ওয়েবসাইটে কর্মরত কর্মকর্তাদের নাম, পদবি, মোবাইল নম্বর, টেলিফোন নম্বর ও ইমেইল ঠিকানাসহ প্রয়োজনীয় কন্টেন্টসমূহ নিয়মিত দৃশ্যমান ও হালনাগাদ থাকা বাধ্যতামূলক। কিন্তু মাঠ পর্যায়ের অনেক অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান এই তথ্যগুলো নিয়মিত আপডেট করছে না, যা জরুরি ও আবশ্যক।
এই পরিস্থিতিতে, আগামী ৪ জুনের মধ্যে মাউশির আওতাধীন সব আঞ্চলিক, জেলা ও উপজেলা অফিস এবং সরকারি-বেসরকারি স্কুল ও কলেজসমূহকে তাদের নিজস্ব ওয়েবসাইট তৈরি অথবা হালনাগাদ নিশ্চিত করতে হবে। কাজ শেষ করে একটি নির্ধারিত গুগল ফর্ম লিংকে (https://forms.gle/RbTAqoNqi3FVdg5u7) তথ্য প্রদান করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
আইকে/টিএ