চাঁদাবাজির অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দুই নেতা বহিষ্কার
ছবি: সংগৃহীত
০৮:৫৯ এএম | ২২ মে, ২০২৬
মাছবাহী গাড়ি থেকে চাঁদাবাজির অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখা ছাত্রদলের দুই নেতাকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা হলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহ-সভাপতি মিয়া বাবুল ও মো. মিঠু।
বৃহস্পতিবার (২১ মে) বিকেলে কেন্দ্রীয় ছাত্রদলের দফতর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহ-সভাপতি মিয়া বাবুল ও মো. মিঠুকে তাদের সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।’
এতে আরও উল্লেখ করা হয়, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন। একই সঙ্গে সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের বহিষ্কৃতদের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেয়া হয়েছে।
জানা গেছে, মঙ্গলবার (১৯ মে) ঢাকা-কুয়াকাটা মহাসড়কে পোনামাছবাহী কয়েকটি গাড়ি আটকে চাঁদা দাবির অভিযোগ ওঠে ছাত্রদলের কিছু নেতাকর্মীর বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, একটি গাড়ি থেকে চাঁদা আদায় করা হলেও আরেকটি গাড়ি থেকে টাকা না পেয়ে সেটি ভাঙচুর এবং চালককে মারধর করা হয়।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীর নাম উঠে আসে। তাদের মধ্যে সহ-সভাপতি মিয়া বাবুল, মো. মিঠু ও আকিব, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম হোসেন স্বজন, ইমরান মাহমুদ, শাখাওয়াত, সহ-সাংগঠনিক সম্পাদক হায়দার মুন্সি এবং শাহরিয়ারসহ আরও কয়েকজনের বিরুদ্ধে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।
ঘটনার পর কেন্দ্রীয় ছাত্রদল বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদককে ঢাকায় তলব করে। এর পরদিনই দুই নেতার বিরুদ্ধে বহিষ্কারের সিদ্ধান্ত আসে।
কেএন/এসএন