© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঈদুল আজহায় বায়তুল মোকাররমে ৫টি জামাত

শেয়ার করুন:
ঈদুল আজহায় বায়তুল মোকাররমে ৫টি জামাত

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:০৯ পিএম | ২২ মে, ২০২৬
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে মোট পাঁচটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (২১ মে) ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনূর রশীদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব জামাতের সময়সূচি এবং ইমাম ও মুকাব্বিরদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ঈদের দিন সকাল ৭টায় বায়তুল মোকাররমে প্রথম জামাত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মো. মিযানুর রহমান এবং মুকাব্বিরের দায়িত্বে থাকবেন মুয়াজ্জিন ক্বারি ইসহাক। এরপর সকাল ৮টায় দ্বিতীয় জামাতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের জাকাত ফান্ড বিভাগের পরিচালক (রুটিন দায়িত্ব) ড. মাওলানা ওয়ালীয়ূর রহমান খান, যেখানে মুকাব্বির হিসেবে থাকবেন চিফ খাদেম মো. নাসির উল্লাহ।

তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। এতে ফাউন্ডেশনের মুফতি মো. আব্দুল্লাহ ইমামতি করবেন এবং মুকাব্বির থাকবেন মো. রুহুল আমিন। সকাল ১০টায় চতুর্থ জামাতে ইমাম হিসেবে থাকবেন ইফার দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মাওলানা মোহাম্মদ নূর উদ্দীন এবং মুকাব্বিরের দায়িত্ব পালন করবেন মো. আব্দুল হাদী।

পঞ্চম ও সর্বশেষ জামাতটি সকাল ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে। এই জামাতে ইমামতি করবেন ইমাম প্রশিক্ষণ একাডেমির ধর্মীয় প্রশিক্ষক জুবাইর আহাম্মদ আল-আযহারী এবং মুকাব্বির হিসেবে থাকবেন মো. আমির হোসেন।

নির্ধারিত কোনো জামাতে কোনো কারণে ইমাম বা মুকাব্বির অনুপস্থিত থাকলে বিকল্প হিসেবে ফাউন্ডেশনের সহকারী লাইব্রেরিয়ান মো. শহিদুল ইসলাম ইমামের এবং মো. শামসুল হক মুকাব্বিরের দায়িত্ব পালন করবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

পবিত্র ঈদুল আজহার জামাতে অংশ নিতে মুসল্লিদের নির্ধারিত সময়ের আগেই মসজিদে উপস্থিত হওয়ার জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

এমআই/এসএন

মন্তব্য করুন