দেশের সংকটের সময় প্রধানমন্ত্রী ‘রিলস’ বানাতে ব্যস্ত, রাহুলের তোপের মুখে মোদি
ছবি: সংগৃহীত
১২:২৮ পিএম | ২২ মে, ২০২৬
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে 'মেলোডি' টফি উপহার দেওয়ার ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কড়া সমালোচনা করেছেন বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। তাঁর অভিযোগ, দেশ যখন অর্থনৈতিক সংকট, মূল্যস্ফীতি আর জ্বালানি চাপে অস্থির, তখন প্রধানমন্ত্রী বিদেশে গিয়ে রিল বানানো আর টফি বিতরণ নিয়ে ব্যস্ত। বাস্তব সংকটের দিকে নজর না দিয়ে সরকার কেবল নিজেদের ইমেজ তৈরিতেই বেশি মনোযোগ দিচ্ছে।
মোদির সাম্প্রতিক ইতালি সফরে মেলোনিকে টফি উপহার দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর ভারতে নতুন এই রাজনৈতিক বিতর্কের জন্ম হয়েছে।
রায়বেরেলিতে আয়োজিত এক সমাবেশে রাহুল গান্ধী এই ইস্যুতে মোদি সরকারকে একহাত নেন। তিনি বলেন, ইতালি যাওয়ার আগে প্রধানমন্ত্রী দেশের মানুষকে অর্থনৈতিক ঝড়ের বিষয়ে সতর্ক করেছিলেন। তিনি জনগণকে পেট্রোল কম ব্যবহার করতে, স্বর্ণ না কিনতে, বৈদ্যুতিক গাড়ি ব্যবহার করতে এবং বিদেশ সফর এড়িয়ে চলতে বলেছিলেন। অথচ ঠিক তার পরদিনই তিন-চার হাজার কোটি রুপির বিমানে চড়ে, পকেটে টফি নিয়ে ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেছেন তিনি।
কংগ্রেসের এই শীর্ষ নেতার মতে, সরকারের এমন আচরণ দেশের জনগণের সঙ্গে একটি বড় প্রহসন। নোট বাতিলের পর থেকে ভারতের অভ্যন্তরীণ অর্থনীতি আরও দুর্বল হয়েছে উল্লেখ করে তিনি বলেন, দেশের সম্পদ ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো বড় শিল্পগোষ্ঠীর হাতে কেন্দ্রীভূত হওয়ায় সাধারণ মানুষ আরও চাপে পড়েছে।
রাহুল আরও বলেন, দেশে এখন পেট্রোল-গ্যাসের তীব্র সংকট চলছে। মূল্যস্ফীতি ক্রমাগত বাড়ছে, কৃষকরা সার পাচ্ছেন না এবং ব্যবসা-বাণিজ্য ও কারখানা বন্ধ হয়ে পুরো শিল্পব্যবস্থাই ধ্বংসের মুখে। কৃষক, শ্রমিক, তরুণ থেকে শুরু করে ক্ষুদ্র ব্যবসায়ীরা চরম চাপের মধ্যে থাকলেও সরকার নিজেদের ব্যয়বহুল বিদেশ সফর অব্যাহত রেখেছে।
সূত্র: এনডিটিভি
এমআই/এসএন