© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বরিশালে বজ্রাঘাতে নিহত ২

শেয়ার করুন:
বরিশালে বজ্রাঘাতে নিহত ২

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৫৪ পিএম | ২২ মে, ২০২৬
রিশালের গৌরনদী উপজেলায় বজ্রাঘাতে পানবরজের দুজন শ্রমিক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (২১ মে) দুপুরে গৌরনদী উপজেলার মাহিলাড়ার ভিমেরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় আরও এক শ্রমিক গুরুতর আহত হলে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল।

নিহতরা হলেন- গৌরনদীর মাহিলাড়ার ভিমেরপাড় গ্রামের আবু তালেব হাওলাদারের ছেলে আলিম হাওলাদার (৬০) ও উজিরপুরের খাটিয়ালপাড়া গ্রামের মুকুন্দ বালার ছেলে সুকান্ত বালা (৩৮)। এ ঘটনায় আহত ব্যক্তি গৌরনদী উপজেলার দেওপাড়া গ্রামের জীতেন সরকারের ছেলে গোপাল সরকার (৪০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই তিনজনে ভীমেরপাড় এলাকার একটি পানবরজে শ্রমিক হিসেবে কাজ করছিলেন। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে বৃষ্টি শুরু হলে তারা পানবরজের পাশের একটি ছাউনীতে আশ্রয় নেন। এসময় আকস্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলেই দুজন মারা যান এবং গোপাল গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে গৌরনদী উপজেলা হাসপাতালে নিয়ে যান।

গৌরনদী উপজেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তৌকির হোসেন জানান, দুজনকে মৃত অবস্থায় এবং একজনকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। এদের মধ্যে গোপালকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য শেবাচিম হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল বলেন, বজ্রাঘাতে দুই শ্রমিকের মৃত্যুর ঘটনায় থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে। এ ঘটনায় পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কেএন/এসএন

মন্তব্য করুন