© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পাটগ্রাম সীমান্তে ভারতীয় চোরাকারবারিদের লক্ষ্য করে বিজিবির গুলি

শেয়ার করুন:
পাটগ্রাম সীমান্তে ভারতীয় চোরাকারবারিদের লক্ষ্য করে বিজিবির গুলি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৪৮ পিএম | ২২ মে, ২০২৬
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা সীমান্তে অবৈধভাবে প্রবেশের চেষ্টাকালে ভারতীয় চোরাকারবারিদের লক্ষ্য করে দুই রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি; গুলির শব্দে চোরাকারবারিরা পিছু হটে ভারতে পালিয়ে যায়।

বৃহস্পতিবার (২২ মে) দিবাগত রাত আড়াইটার দিকে রংপুর ব্যাটালিয়নের (৫১ বিজিবি) অধীনস্থ কুচলিবাড়ি ইউনিয়নের কলসিমুখ বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবি সূত্র জানায়, বৃহস্পতিবার মধ্যরাতে মেইন পিলার ৮০৬ থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পশ্চিম গিয়ারপাড়া এলাকায় বিজিবির একটি নিয়মিত টহল দল দায়িত্ব পালন করছিল। এ সময় তারা দেখতে পান, ভারতীয় কাঁটাতারের বেড়া কেটে একদল চোরাকারবারি বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছে।

বিষয়টি আঁচ করতে পেরে বিজিবি সদস্যরা তাৎক্ষণিকভাবে চোরাকারবারিদের সতর্ক করেন এবং বাংলাদেশ সীমান্তে প্রবেশ করতে নিষেধ করেন। কিন্তু চোরাকারবারিরা বিজিবির সেই নির্দেশ অমান্য করে উল্টো তাদের দিকেই এগিয়ে আসতে থাকে।

পরিস্থিতি বেগতিক দেখে নিজেদের জানমালের নিরাপত্তা, পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং চোরাকারবারিদের সতর্ক করার লক্ষ্যে বিজিবি সদস্যরা ২ রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়েন। হঠাৎ গুলির শব্দে আতঙ্কিত হয়ে চোরাকারবারির দলটি দ্রুত ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রংপুর ব্যাটালিয়নের (৫১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিউর রহমান বলেন, ভারতীয় সীমান্ত থেকে কাঁটাতারের বেড়া কেটে চোরাকারবারিরা বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে আমাদের টহল দল তাদের সতর্ক করে। তারা সেই সতর্কতা অমান্য করায় পরে ফাঁকা গুলি ছোঁড়া হয়েছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বর্তমানে ওই এলাকার পরিবেশ শান্ত রয়েছে এবং সীমান্ত সুরক্ষায় বিজিবি সবসময় সতর্ক অবস্থানে রয়েছে।

টিকে/

মন্তব্য করুন