বিশ্বকাপ খেলার জন্য রাজকীয়ভাবে স্কোয়াড ঘোষণা নরওয়ের
ছবি: সংগৃহীত
০৪:৫৫ পিএম | ২২ মে, ২০২৬
বিশ্বকাপ বাছাইয়ে ইউরোপিয়ান অঞ্চলের দল নরওয়ে প্রতিপক্ষের গোলপোস্ট তছনছ করে দিয়েছিল। ৮ ম্যাচের সবগুলো জিতেছে ৩৭ গোল করে। তাতে ২৮ বছর পর তাদের বিশ্বকাপে ফেরা নিশ্চিত হয়েছে। এমন উপলক্ষ স্মরণীয় করতে কোনো ছাড় দেয়নি তারা।
১৯৯৮ সালের পর প্রথম বিশ্বকাপ খেলার জন্য রাজকীয়ভাবে ২৬ জনের স্কোয়াড ঘোষণা করেছে নরওয়ে। আগের রেকর্ড করা এক ভিডিওতে চূড়ান্ত দল ঘোষণা করেন তাদের রাজা পঞ্চম হ্যারাল্ড।

প্রত্যাশিতভাবে দলে আছেন আর্সেনাল অধিনায়ক মার্টিন ওডেগার্ড ও ম্যানসিটি তারকা আর্লিং হালান্ড। নরওয়ের চতুর্থ বিশ্বকাপে নেতৃত্ব দেবেন ওডেগার্ড। এছাড়া দলে আছেন ফুলহামের অস্কার বব ও ক্রিস্টাল প্যালেস ফরোয়ার্ড জর্গেন স্ট্র্যান্ড লারসেন।
দলে বড় চমক কখনো আন্তর্জাতিক ফুটবল না খেলা হ্যামবার্গ গোলকিপার স্যান্ডার টাংভিক। রাজার চূড়ান্ত করা স্কোয়াডে তার জায়গা হয়েছে এসকে ব্র্যানের মাথিয়াস ডিঙ্গেলান্ডের ইনজুরিতে।
দলে জায়গা পেয়ে বিস্ময়ের শেষ নেই ডার্বি কাউন্টি ডিফেন্ডার সন্ড্রে লাঙ্গাসের। তিনি রাষ্ট্রীয় গণমাধ্যম এনআরকে-কে বলেন, ‘ভিডিও শেষ না হওয়া পর্যন্ত আমি এটা (স্কোয়াড) বিশ্বাস করতে পারছিলাম না। এক সেকেন্ডের জন্যও রাজার ওপর ভরসা হচ্ছিল না।’
নরওয়ে প্রথমবার বিশ্বকাপ খেলেছিল ১৯৩৮ সালে। ওইবার তারা শেষ ষোলোতে খেলেছিল। নব্বইয়ের দশকে ধারাবাহিকভাবে টানা দুটি আসর তারা খেলে ১৯৯৪ ও ১৯৯৮ সালে। চুরানব্বইয়ে গ্রুপ পর্বে বিদায় নিলেও তাদের সবশেষ আসরে খেলেছিল শেষ ষোলোতে। প্রায় তিন দশক পর ফিরে সেই সাফল্যও উতরে যাওয়ার লক্ষ্য তাদের।
আগামী ১৬ জুন ইরাকের বিপক্ষে বোস্টনে শুরু হবে নরওয়ের বিশ্বকাপ। তাদের গ্রুপে অন্য দুই প্রতিপক্ষ সেনেগাল ও ফ্রান্স।
নরওয়ের বিশ্বকাপ স্কোয়াড
গোলকিপার: ওরিয়ান হাস্কজোল্ড হাইলান্ড (সেভিয়া), এগিল সেলভিক (ওয়াটফোর্ড), স্যান্ডার টাংভিক (হামবুর্গার এসভি)।
ডিফেন্ডার: জুলিয়ান রিয়ারসন (বরুশিয়া ডর্টমুন্ড), মার্কাস হোমগ্রেন পেডারসেন (তরিনো), ডেভিড মলার উলফ (উলভারহ্যাম্পটন), ফ্রেডরিক বিয়র্কান (বোডো/গ্লিমট), ক্রিস্টোফার আয়ের (ব্রেন্টফোর্ড), তরবিয়র্ন হেগেম (বলোনিয়া), লিও স্কিরি অস্টিগার্ড (জেনোয়া), সন্ড্রে লাঙ্গাস (ডার্বি কাউন্টি), হেনরিক ফালচেনার (ভাইকিং)।
মিডফিল্ডার: মার্টিন ওডেগার্ড (আর্সেনাল), সান্ডার বার্গ (ফুলহাম), ফ্রেডরিক আরসনেস (বেনফিকা), প্যাট্রিক বার্গ (বোডো/গ্লিমট), ক্রিস্টিয়ান থর্স্টভেডট (সাসুওলো), মর্টেন থর্সবি (ক্রেমোনিস), থেলো আসগার্ড (র্যাঞ্জার্স)।
ফরোয়ার্ড: আর্লিং হালান্ড (ম্যানচেস্টার সিটি), আলেকজান্ডার সরলথ (অ্যাতলেটিকো মাদ্রিদ), জর্গেন স্ট্র্যান্ড লারসেন (ক্রিস্টাল প্যালেস), আন্তোনিও নুসা (আরবি লাইপজিগ), অস্কার বব (ফুলহাম), আন্দ্রেয়াস শ্জেল্ডারুপ (বেনফিকা), জেনস পেটার হাউজ (বোডো/গ্লিমট)।
আরআই/টিকে