অস্ট্রেলিয়া সিরিজে জিতব: আশরাফুল
ছবি: সংগৃহীত
০৭:৪৬ পিএম | ২২ মে, ২০২৬
ঘরের মাঠে পাকিস্তানকে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করে আত্মবিশ্বাসের চূড়ায় বাংলাদেশ। তবে কিছুদিন পরই কঠিন পরীক্ষা টাইগারদের। পূর্ণশক্তির দল নিয়ে বাংলাদেশে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসছে অস্ট্রেলিয়া। পরিসংখ্যান এবং শক্তির বিচারে অজিদের চেয়ে অনেকটা পিছিয়ে থাকলেও ঘরের মাঠে এই সিরিজ জয়ের আশা দেখছে বাংলাদেশ।
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ এখন পর্যন্ত কেবল একটি ওয়ানডে জিতেছে। কার্ডিফের সেই ম্যাচে লাল-সবুজের জয়ের নায়ক ছিলেন মোহাম্মদ আশরাফুল৷ ২১ বছর পর এখন বাংলাদেশের ব্যাটিং কোচ আশরাফুল। মাঠে না খেলতে পারলেও শিষ্যদের প্রস্তুত করবেন অজিদের বিপক্ষে লড়াইয়ের জন্য। আর সেই লড়াইয়ে শিষ্যদের জয়ের আশাও দেখছেন অ্যাশ।
আজ (২২ মে) একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থিত হয়ে গণমাধ্যমকে আশরাফুল বলেন, ‘অস্ট্রেলিয়ার সঙ্গে (সিরিজ) অবশ্যই কঠিন হবে। আমরা ২০০৫ সালে কার্ডিফে জিতেছিলাম, এরপরে আসলে আর কখনওই জেতা হয়নি। যদিও অত বেশি ম্যাচ খেলিনি। অল্প ম্যাচ খেলেছি কিন্তু আর জেতা হয়নি। আমি যখন অধিনায়ক ছিলাম, একবার কাছাকাছি গিয়েছিলাম।’
২০০৮ সালে অস্ট্রেলিয়া সফরে গিয়েছিল বাংলাদেশ। সেই সিরিজে একটি ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়াকে প্রায় হারিয়ে দিতে গিয়েও হেরেছে বাংলাদেশ। সেই স্মৃতি রোমন্থন করে আশরাফুল বলেন, ‘২০০৮ সালে আমরা অস্ট্রেলিয়ায় গিয়েছিলাম, তাদের ১৯৮ রানে অলআউট করেছিলাম। ওই ম্যাচটায় তামিম অর্ধশতক করেছিল, সাকিবও ভালো করে, কিন্তু জিততে পারিনি। ওই একটা ম্যাচই মনে হয় আমরা খুব কাছাকাছি গিয়েছিলাম, যেটা আমাদের জেতার মতো ছিল।’

২০২১ সালের আগস্টে অবশ্য অস্ট্রেলিয়াকে টি-টোয়েন্টি সিরিজে হারিয়েছিল বাংলাদেশ। সেই জয় থেকে আত্মবিশ্বাস খুঁজছেন আশরাফুল, ‘এইবারও অবশ্যই আশা থাকবে, কারণ তারা আমাদের মাঠে খেলবে। যদিও তারা আসার আগে পাকিস্তানে তিনটি ম্যাচ খেলে ভালো প্রস্তুতি নেবে।’
দলের প্রস্তুতি নিয়ে আশরাফুলের মন্তব্য, ‘আমরা যেভাবে গত তিনটা সিরিজ খেলছি আমি বিশ্বাস করি যে আমাদের খেলোয়াড়রা যদি তাদের সেরা ক্রিকেট খেলে, তিনটা বিভাগই ভালো করে, অস্ট্রেলিয়ার সাথে ম্যাচ ধরে ধরে চিন্তা করে আমরা সিরিজ জিততে পারব ইনশাআল্লাহ।’
পাকিস্তানের বিপক্ষে সিরিজ শেষ করে আপাতত ছুটিতে আছে বাংলাদেশ দল। তবে ঈদের পরই মাঠে নামতে হবে লাল-সবুজ বাহিনীকে। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ৫ জুন বাংলাসেশে পা রাখবে অজিরা।
সিরিজের ৩টি ওয়ানডে ম্যাচ হবে ৯, ১১ ও ১৪ জুন। ৫০ ওভার ফরম্যাটের সবগুলো ম্যাচই হবে মিরপুরে। টি-টোয়েন্টি সিরিজ হবে চট্টগ্রামে। ম্যাচগুলো হবে যথাক্রমে ১৭,১৯ ও ২১ জুন।
এসকে/টিকে