বিদায়ী কোচের সম্মানার্থে ইতিহাদে গার্দিওলার ভাস্কর্য বানাবে ম্যানসিটি
ছবি: সংগৃহীত
০৭:৫০ পিএম | ২২ মে, ২০২৬
ম্যানচেস্টার সিটির সবচেয়ে সফল কোচ কে? প্রশ্নটা এভাবে না করে, পেপ গার্দিওলার পর সিটিজেনদের সফল কোচ কে, এভাবে করাই সবচেয়ে বেশি যুক্তিযুক্ত। সফলতার বিচারে দ্বিতীয় স্থানে থাকা জো মারচারের (৫) চেয়ে গার্দিওলা ১৫টি বেশি শিরোপা জিতেছেন।
সিটিজেনদের সবচেয়ে সফল কোচ বিদায় নিচ্ছেন। রোববার অ্যাস্টন ভিলার বিপক্ষে সিটি ক্যারিয়ারের শেষ ম্যাচে ডাগআউটে দাঁড়াবেন তিনি। গার্দিওলার এই ঘোষণা এসেছে প্রিমিয়ার লিগ শিরোপা হাতছাড়া হওয়ার দুদিন পর। ৩৭তম ম্যাচডে পর্যন্ত শিরোপার দৌড়ে ছিল তার শিষ্যরা, তাদের চেষ্টা থামিয়ে ২২ বছর পর লিগ জিতেছে আর্সেনাল।
বিদায়ী কোচের সম্মানার্থে ইতিহাদ স্টেডিয়ামে তার ভাস্কর্য নির্মাণ করবে ম্যানচেস্টার সিটি। পাশাপাশি তার নামে নবনির্মিত ও সম্প্রসারিত নর্থ স্ট্যান্ডের নাম রাখা হবে। ভিলার বিপক্ষে ম্যাচে প্রথমবারের মতো স্ট্যান্ডটি পুরোপুরি চালু থাকবে। এই স্ট্যান্ডের প্রবেশপথেই নির্মাণ করা হবে গার্দিওলার ভাস্কর্য। সিটি এক বিবৃতি দিয়ে বিষয়টি জানিয়েছে।

বিবৃতিতে ক্লাবের ম্যানেজার শেখ মনসুর বলেন, ‘আমি অনেক আগে বলেছিলাম, মাঠের ভেতরে ও বাইরে সিটির সঙ্গে সেরা মানুষদের থাকা উচিত। গত দশ বছর ধরে পেপ সেই উচ্চাকাঙ্ক্ষারই প্রতিচ্ছবি হয়ে ছিলেন। তিনি ক্লাবের ডিএনএতে এক অমোচনীয় ছাপ রেখে গেছেন। শুধু কত ট্রফি জিতেছেন তা নয়, বরং যেভাবে জিতেছেন, সেটাই তাকে অনন্য করেছে।’
বায়ার্ন মিউনিখ ছেড়ে স্প্যানিশ কোচ ২০১৬ সালে ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েছিলেন। ১০ বছরে তার অধীনে সিটিজেনরা ৬টি লিগ, একটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, ২টি এফএ কাপ, ৫টি লিগ কাপ, ৩টি এফ এ কমিউনিটি শিল্ড ও একটি ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপের শিরোপা ঘরে তুলেছে। এরমধ্যে ২০২৩ সালে জিতেছেন ট্রেবল শিরোপা।
আরআই/টিকে