খালেদা জিয়া ছিলেন সাধারণ মানুষের নেত্রী : স্পিকার
ছবি: সংগৃহীত
১০:০৯ পিএম | ২২ মে, ২০২৬
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া ছিলেন সাধারণ মানুষের নেত্রী। তিনি ছিলেন জনগণের নেতা। তাঁকে দেশের মানুষ যেভাবে শেষ বিদায় দিয়েছে, তা একজন রাজনৈতিক নেতার জন্য পরম আরাধ্যর বিষয়।
আজ শুক্রবার জাতীয় সংসদের এলডি হলে বেগম খালেদা জিয়ার স্মরণে ‘দেশনেত্রী’ শীর্ষক স্মৃতি বর্ষপঞ্জির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘বেগম জিয়ার মৃত্যুর পর মানুষের অবিরল অশ্রুধারা এটাই প্রমাণ করে যে, তিনি ছিলেন সাধারণ মানুষের নেত্রী। তিনি জনগণের নেতা ছিলেন।
সাধারণ মানুষ কেনো অশ্রু বিসর্জন করবে একজন নেতার জন্য? যিনি চলে গিয়েছেন, যিনি আর কোনোদিন তাদের কোনো উপকার করতে পারবেন না! আমরা সেদিন (বেগম জিয়ার জানাজার দিন) উপলব্ধি করেছি, যে ব্যাপক জনস্রোত, এত বড় জনস্রোত আমি তো কখনো দেখিনি।
বাংলাদেশের মানুষও সম্ভবত দেখেনি। ভবিষ্যতেও দেখবে কিনা সেটি ভবিষ্যতে বলতে পারে। তার মৃত্যুতে প্রকৃত অর্থেই বিয়োগ বিহ্বল শোকাভিভূত জনতা তাকে যেভাবে শেষ বিদায় দিয়েছে, এটি একজন রাজনৈতিক নেতার জন্য পরম আরাধ্য একটি বিষয়।’
স্পিকার বলেন, ‘বেগম জিয়া তিনি অনেক কষ্ট সহ্য করেছেন। তাকে মাফিয়া নেত্রী (শেখ হাসিনা) হাসপাতালে একটা চিকিৎসা পর্যন্ত দেয়নি। মনে হয় যে তিনি (বেগম জিয়া) জীবন্ত। এইমাত্র হয়তো এখনই একটু পরে এসে গাড়ি থেকে নামবেন। আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক অভিজ্ঞতা তাকে আর দেখতে পাব না।
তবে আশা করি, তিনি যে লিগ্যাসি রেখে গিয়েছেন, জনগণকে যেভাবে অনুপ্রাণিত করে গিয়েছেন, সেটি দীর্ঘদিন বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে অতন্ত্র প্রহরীর মতো কাজ করবে। তিনি আজ নেই। কিন্তু তাঁর পুত্র সন্তান তারেক রহমান আমাদের মাঝে আছেন। আমরা আশা করব তার পিতা এবং মাতার পথ অনুসরণ করে তিনি এই জাতিকে দিকনির্দেশনা দেবেন। স্বাধীনতা-সার্বভৌমত্ব যাতে অক্ষুন্ণ থাকে।’
তিনি আরো বলেন, ‘মুক্তিযুদ্ধের মাধ্যমে যে বাংলাদেশ আমরা অর্জন করতে পেরেছি, এই বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব কোনোভাবেই যাতে কেউ ক্ষুণ্ন করতে না পারে, সেজন্য আমরা ঐক্যবদ্ধভাবে তার প্রমাণের নেতৃত্বে বাংলাদেশকে এগিয়ে নিতে চাই। এই হোক আজকের দিনে আমাদের অঙ্গীকার।’
আরআই/টিকে