© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সফল রাষ্ট্রনায়ক হয়ে ওঠার অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবেন বেগম খালেদা জিয়া: স্পিকার

শেয়ার করুন:
সফল রাষ্ট্রনায়ক হয়ে ওঠার অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবেন বেগম খালেদা জিয়া: স্পিকার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৫৭ এএম | ২৩ মে, ২০২৬
দেশের গণতন্ত্রকে সুসংহত করতে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় তিনি অত্যন্ত নিবেদিতপ্রাণ ছিলেন উল্লেখ করে স্পিকার বলেন, একজন সফল রাষ্ট্রনায়ক হয়ে ওঠার অনন্য ও কালজয়ী দৃষ্টান্ত হয়ে থাকবেন বেগম খালেদা জিয়া।

শুক্রবার (২২ মে) সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে ছবির গল্প কর্তৃক প্রকাশিত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতির স্মরণে 'দেশনেত্রী' শীর্ষক বর্ষপঞ্জির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ আরও বলেন, বেগম খালেদা জিয়া তার রাজনৈতিক অনুপ্রেরণা এবং বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্ব বিকাশের ইতিহাসে তিনি এক অবিচ্ছেদ্য অংশ। তাঁর মৃত্যুতে কোটি মানুষের অশ্রুবিসর্জন প্রমাণ করে যে তিনি প্রকৃত অর্থেই জনমানুষের নেত্রী ছিলেন। এ সময় স্পিকার বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতার ঘোষণা প্রদান না করলে বাংলাদেশের জন্ম হতো কি না, তা নিয়ে সংশয় থেকে যায়। জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষণা প্রদানে বেগম খালেদা জিয়াই অনুপ্রেরণা জুগিয়েছিলেন বলে তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মণি বলেন, বাংলাদেশে গণতন্ত্রের স্থায়ী রূপ দিতে বেগম খালেদা জিয়াই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করেছিলেন। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান তাঁর বক্তব্যে বলেন, চরম দুঃসময়ে অনেক সংগ্রাম ও আন্দোলনের মাধ্যমে বেগম খালেদা জিয়া দলকে সুসংগঠিত রেখেছিলেন। তাঁর প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা স্বরূপ নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে স্পিকার বর্ষপঞ্জির মোড়ক উন্মোচন করেন এবং 'ছবির গল্প-এর প্রতিষ্ঠাতা আলোকচিত্রী খালেদ হোসেন পরাগসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। এই বর্ষপঞ্জিতে পরাগের ক্যামেরায় ধারণকৃত আলোকচিত্র এবং টিমের লেখনীর মাধ্যমে দেশনেত্রীর বর্ণাঢ্য জীবনের ১২টি বিশেষ দিক তুলে ধরা হয়েছে।

এমআর/টিকে  

মন্তব্য করুন