© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিশ্বকাপে ছুটি কাটাতে যাচ্ছে না 'কেপ ভার্দে'

শেয়ার করুন:
বিশ্বকাপে ছুটি কাটাতে যাচ্ছে না 'কেপ ভার্দে'

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৪৯ এএম | ২৩ মে, ২০২৬
কেপ ভার্দের ডাক নাম ব্লু শার্ক মানে নীল হাঙর। নামটা যথার্থ, কারণ আটলান্টিকসংলগ্ন এই দীপপুঞ্জে হ্যামারহেড, টাইগার ও হোয়েল শার্কসহ এই সামুদ্রিক শিকারি প্রাণীর ৫০টি প্রজাতি আছে। তাই উপকূল থেকে বেশিদূরে না যাওয়াই বুদ্ধিমানের কাজ। তবে ব্লু শার্ক এবারের বিশ্বকাপে তাদের আশপাশে থাকা দেশগুলোর ওপর মরণ কামড় বসাতেই খেলবে।

প্রথমবার বিশ্বকাপে ওঠার রোমাঞ্চ নিশ্চিতভাবে কেপ ভার্দেকে ছুঁয়ে যাচ্ছে। কিন্তু প্রথম আসরে তারা কেবল উপভোগ করতে মাঠে নামবে না। গত অক্টোবরে শেষ দুটি কোয়ালিফায়ারে দৃষ্টিনন্দন গোল করা উইলি সেমেদো হুঁশিয়ারি দিয়ে রাখলেন অন্যদের।

কেপ ভার্দের প্রথম বিশ্বকাপ ম্যাচ স্পেনের বিপক্ষে। তারপর আরেক সাবেক চ্যাম্পিয়ন উরুগুয়ের মুখোমুখি হবে তারা। শেষ ম্যাচ গত আসরে আর্জেন্টিনাকে হারিয়ে দেওয়া সৌদি আরব। এমন শক্তিশালী গ্রুপে কেপ ভার্দের মতো নবাগত দলকে নিয়ে আশা দেখার লোক হাতেগোনা মিলবে।



তবে অনেক শক্তিশালী দল হলেও তাদের চোখে চোখ রেখে লড়াই করতে না পারার যুক্তি দেখেন না সেমেদো। ফিফাকে দেওয়া সাক্ষাৎকারে এই উইঙ্গার বললেন, ‘এটা কঠিন গ্রুপ। কিন্তু বিশ্বকাপের সব গ্রুপই কঠিন। একটি দেশও পাওয়া যাবে না যে তারা বলবে তারা সহজ গ্রুপে পড়েছে। অবশ্যই আমরা বিশ্বের কিছু সেরা দলের বিপক্ষে খেলব এবং স্পেন বিশ্বকাপের অন্যতম ফেভারিট।’

তবে চমক দেখানোর বিশ্বাস তার মনে, ‘আমরা সত্যিই বিশ্বাস করি আমরা বিশেষ কিছু করতে পারব। কিন্তু সবার আগে আমাদের নিজেদের খেলা উপভোগ করতে হবে এবং ওই মুহূর্তে ডুবে থাকতে হবে কারণ প্রত্যেক বছর বিশ্বকাপে খেলার সুযোগ পায় না সবাই।’

সদ্যই ওমোনোয়ার হয়ে সাইপ্রাসের লিগ শিরোপা জিতেছেন সেমেদো। ২৮ ম্যাচে করেছেন ২৬ গোল। ঘরোয়া ফুটবলের ফর্ম বিশ্বকাপের মঞ্চেও ধরে রাখতে চাইছেন তিনি, ‘ক্লাব পর্যায়ে এই মৌসুম ছিল একদম নিখুঁত এবং এখন কেপ ভার্দের সঙ্গে আমি যতদূর সম্ভব যেতে চাই। নকআউটে ওঠার লক্ষ্য বাস্তববাদী এবং আমরা অনেকবার দেখিয়েছি ভালো দলগুলোর বিপক্ষে লড়াই করার মতো দল আমরা।’

বিশ্বকাপকে গুরুত্ব দিয়ে দেখছেন তিনি। কেবল অংশ নেওয়ার জন্যই যাচ্ছে না সেমেদো, ‘আমরা শুধু ছুটি কাটাতে যাচ্ছি না। আমাদের দেশের হয়ে বিশেষ কিছু করার জন্য বিশ্বকাপে যাচ্ছি, নকআউটে উঠে আমরা আমাদের দেশের মানুষকে গর্বিত করতে চাই। গত আড়াই বছরে আমরা মাত্র এক ম্যাচ হেরেছি, তাও আবার শক্তিশালী দলগুলোর বিপক্ষে। আমরা আমাদের সামর্থ্য দেখিয়েছি, অন্য দলগুলো অবশ্যই আমাদের গুরুত্ব দিয়ে নেবে।

সবচেয়ে ভালো ব্যাপার হলো আমাদের হারানোর কিছু নেই। আমরা সবাইকে দেখাতে চাই এখানে আসার যোগ্য আমরা। আমরা আমাদের টিকিট চুরি করিনি। এটার জন্য লড়েছি এবং অর্জন করেছি। আমরা এটাই প্রমাণ করব, একই সঙ্গে কেপ ভার্দের সবার মুখে হাসি ফোটানোর চেষ্টা করব।’

আইকে/টিএ

মন্তব্য করুন