© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নতুন প্রজন্মকে বইমুখী করতে চান প্রধানমন্ত্রী: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

শেয়ার করুন:
নতুন প্রজন্মকে বইমুখী করতে চান প্রধানমন্ত্রী: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৩৭ এএম | ২৩ মে, ২০২৬
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, মানুষকে পাঠাগারমুখী করার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে। তিনি নতুন প্রজন্মকে বইমুখী করতে চান। তাই কীভাবে শিক্ষার্থীদের মধ্যে স্কুল থেকেই বই পড়ার আগ্রহ তৈরি করা যায়, সে পরিকল্পনা ও উদ্যোগ নিচ্ছে সরকার।

শুক্রবার (২২ মে) বিকেলে যশোরে নতুন প্রজন্মের মধ্যে পাঠাভ্যাস গড়ে তুলতে তিন দিনব্যাপী বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, ‘শুধু পাঠ্যপুস্তক পড়ে পৃথিবীর চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব নয়। পরিপূর্ণ মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নিতে হবে। বিভিন্ন ভাষার ওপর দক্ষতা এবং দেশ-বিদেশের ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। আর এসবের অন্যতম মাধ্যম হলো বই।’

তিনি বলেন, প্রাচীন যশোর ইন্সটিটিউট পাবলিক লাইব্রেরির উন্নয়নে সরকার উদ্যোগ নিয়েছে। এরইমধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান এই লাইব্রেরি পরিদর্শন করেছেন। তিনি প্রতিষ্ঠানটির ঐতিহ্য সম্পর্কে জেনেছেন এবং দুর্লভ সংগ্রহ সরেজমিনে দেখেছেন। বইমেলার মাধ্যমে নতুন প্রজন্মকে এসব দুর্লভ বই দেখানোর নির্দেশনাও দিয়েছেন।

এ সময় তিনি জানান, পাবলিক লাইব্রেরিটির উন্নয়নে সরকার ৭৮ লাখ টাকা বরাদ্দ দিয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোসাম্মাৎ আসমা বেগম, যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম-উদ-দ্দৌলা এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির যশোর শাখার সাবেক সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বুলুসহ অনেকে।

পরে প্রতিমন্ত্রী অতিথিদের নিয়ে বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

জেলা প্রশাসনের আয়োজনে তিন দিনব্যাপী এ বইমেলা আগামী ২৪ মে পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত বই প্রদর্শনী ও বিক্রয় কার্যক্রম চলবে। এছাড়া মেলায় কবিতা আবৃত্তি, বই পড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রাখা হয়েছে।

এমআর/টিএ  

মন্তব্য করুন