ম্যানচেস্টার সিটি ছাড়ার কারণ জানালেন পেপ গার্দিওলা
ছবি: সংগৃহীত
০৫:৫৫ এএম | ২৩ মে, ২০২৬
এখনই ম্যানচেস্টার সিটি ছাড়ার সঠিক সময় মনে করছেন পেপ গুয়ার্দিওলা। এই সিদ্ধান্তের কারণ হিসেবে প্রাণশক্তি ফুরিয়ে আসার কথা উল্লেখ করেছেন এই স্প্যানিশ কোচ।
সিটিতে গুয়ার্দিওলার সাফল্যমণ্ডিত এক দশকের অধ্যায় শেষ হতে যাচ্ছে এক ম্যাচ পরই। ইতিহাদ স্টেডিয়ামের ক্লাবটি শুক্রবার নিশ্চিত করেছে, রোববার অ্যাস্টন ভিলার বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচটিই হবে এখানে ৫৫ বছর বয়সী এই কোচের শেষ।
গুয়ার্দিওলার কোচিংয়ে ঘরোয়া ফুটবলে ধারাবাহিক আধিপত্য দেখিয়েছে সিটি। এই সময়ে ১৭টি বড় শিরোপা জিতেছে তারা। যার মধ্যে আছে ছয়টি প্রিমিয়ার লিগ ও একটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা।
সিটি ছাড়ার ঘোষণার বিবৃতিতে গুয়ার্দিওলা বলেন, “আমি কেন চলে যাচ্ছি, সেই কারণ জিজ্ঞেস করবেন না। এর কোনো কারণ নেই, কিন্তু বুঝতে পারছি, এটাই আমার সময়।”

পরে সংবাদ সম্মেলনে অবশ্য এই সিধান্তের পেছনের কারণ তুলে ধরেন বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখের সাবেক কোচ।
দুই বছর আগে লিভারপুল ছাড়ার সময় ইয়ুর্গেন ক্লপ বলেছিলেন, তার প্রাণশক্তি ফুরিয়ে আসছে। ক্লপের মতো তারও একই অনুভূতি হচ্ছে কি না, এমন প্রশ্নে গুয়ার্দিওলার উত্তর, “অবশ্যই, হ্যাঁ। একদম তাই।”
“আমার প্রাণশক্তি ছিল এবং আছে, কিন্তু আর থাকবে না। ব্যাপারটা সহজ। আমার মনে হচ্ছে, প্রতি তিন দিন অন্তর এই কাজের জন্য যে প্রাণশক্তির প্রয়োজন হয়, শিরোপার প্রত্যাশা, খেলোয়াড়দের সামনে থাকা- এই সবকিছু সামলানোর মতো প্রাণশক্তি আমার থাকবে না। কারণটা কী? সহজভাবে বললে, সময় হয়ে গেছে। ১০ বছর হয়ে গেছে। এমন নয় যে আমি উচ্চাকাঙ্ক্ষী নই বা আবার চেষ্টা করতে চাই না। বিষয়টি কেবলই, ‘ঠিক আছে পেপ, ১০ বছর পর…।”
গুয়ার্দিওলার মতে, সিটির ডাগআউটে পরিবর্তনের সঠিক সময় এটি।
“আমার মনে হয় না কোনো প্রতিষ্ঠানে কাউকে বহু বছর ধরে রাখা ভালো। সবকিছু ওলটপালট করে দেওয়া, নতুন মুখ দেখা ভালো... এটা সবার জন্য খুব ভালো। যদি আমি এটা বিশ্বাস না করতাম এবং যদি আমাকে বরখাস্ত করা না হতো (ভবিষ্যতে), তাহলে এখানেই থেকে যেতাম, কিন্তু এটাই সত্যি। এটাই সঠিক সময়।”
“ব্যাপারটা এমন নয় যে একদিন ঘুম থেকে উঠে বলা, ‘এখন চলে যাওয়ার সময়।’ এটা একটা প্রক্রিয়া, যা বেশ কিছুদিন ধরেই অনুভব করছিলাম।আর ক্লাব আমার এই সিদ্ধান্তকে খুব সম্মান করেছে।”
এমআর/টিএ