শিরোপা জিতিয়েও পারলেন না রোনালদো
ছবি: সংগৃহীত
১২:৪৫ পিএম | ২৩ মে, ২০২৬
সৌদি প্রো লিগে নিজের প্রথম মৌসুমেই বাজিমাত করলেন জোয়াও ফেলিক্স। দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে শুক্রবার তাকে ঘোষণা করা হয়েছে মৌসুমসেরা খেলোয়াড়।
এই দৌড়ে তিনি পেছনে ফেলেছেন তারই আল নাসর সতীর্থ ও পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে।
একদিন আগেই আল নাসরকে সৌদি প্রো লিগ শিরোপা জিততে সাহায্য করেছিলেন ফেলিক্স ও রোনালদো। দামাকের বিপক্ষে ৪-১ গোলের জয়ে রোনালদোর জোড়া গোল নিশ্চিত করে শিরোপা, যেখানে আল হিলালকে দুই পয়েন্টে পিছনে ফেলে চ্যাম্পিয়ন হয় আল নাসর। সৌদি আরবে যোগ দেওয়ার পর এটিই ছিল রোনালদোর প্রথম বড় শিরোপা।
৪১ বছর বয়সী রোনালদো পুরো মৌসুমে করেছেন ২৮ গোল। তবে মৌসুমসেরা খেলোয়াড়ের পুরস্কার শেষ পর্যন্ত গেছে জোয়াও ফেলিক্সের হাতে। কারণ গোল করার পাশাপাশি পুরো লিগে সর্বোচ্চ ১৩টি অ্যাসিস্টও করেছেন তিনি। সব মিলিয়ে ২০ গোল ও ১৩ অ্যাসিস্টে আল নাসরের আক্রমণভাগের মূল চালিকাশক্তি হয়ে উঠেছিলেন এই পর্তুগিজ তারকা।

ফেলিক্স এই মৌসুমেই চেলসি থেকে প্রায় ৩ কোটি ইউরো ট্রান্সফার ফিতে আল নাসরে যোগ দেন। দুই বছরের চুক্তিতে সৌদি আরবে এসে প্রথম মৌসুমেই তিনি নিজের সামর্থ্যের পুরোটা দেখিয়েছেন।
শিরোপা জয়ের পর অনুভূতি জানাতে গিয়ে ফেলিক্স বলেন, ‘ফুটবল খেলতে পারলেই আমি আনন্দ পাই, বিশেষ করে নিজের স্বাভাবিক পজিশনে খেলতে পারলে। কোচ আমাকে অনেক আত্মবিশ্বাস দিয়েছেন। তিনি আমাকে দলের নিয়ন্ত্রণ নেওয়ার দায়িত্ব দিয়েছিলেন।
যখন কোচের এমন বিশ্বাস পাওয়া যায়, তখন সব কিছুই সহজ হয়ে যায়।’
এদিকে সৌদি প্রো লিগের বর্ষসেরা কোচের পুরস্কার জিতেছেন আল নাসরের কোচ হোর্হে জেসুস। তবে পুরস্কার জয়ের পরই তিনি জানিয়ে দিয়েছেন, এটাই ছিল আল নাসরের সঙ্গে তার শেষ মৌসুম।
টিজে/টিএ