© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শ্রেয়াসের সেঞ্চুরিতে লখনৌকে হারিয়ে প্লে-অফের আশা বাঁচিয়ে রাখল পাঞ্জাব

শেয়ার করুন:
শ্রেয়াসের সেঞ্চুরিতে লখনৌকে হারিয়ে প্লে-অফের আশা বাঁচিয়ে রাখল পাঞ্জাব

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৫৮ এএম | ২৪ মে, ২০২৬
প্লে-অফের আশা বাঁচিয়ে রাখতে লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে জিততেই হতো পাঞ্জাব কিংসকে। আগে ব্যাট করা লখনৌ প্রায় দুইশ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম বলেই প্রিয়ানাশ আরিয়া আউট হয়ে গেলে লক্ষ্যটা আরও কঠিন মনে হচ্ছিল পাঞ্জাবের জন্য। কিন্তু আরেক ওপেনার প্রভসিমরান সিং ঝড় তুললেন, আর চারে নেমে শ্রেয়াস আইয়ার ছাড়িয়ে গেলেন তাকেও। দারুণ এক সেঞ্চুরি হাঁকিয়ে জেতালেন দলকে। এই জয়ে বেঁচে রইল পাঞ্জাবের প্লে-অফে খেলার আশা।

শনিবার (২৩ মে) লখনৌ সুপার জায়ান্টসকে ৭ উইকেট ও ১২ বল হাতে রেখে হারিয়েছে পাঞ্জাব কিংস। লখনৌয়ের ভারতরত্ন শ্রী অটল বিহারি বাজপেয়ী একানা স্টেডিয়ামে স্বাগতিকরা আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯৬ রান তোলে।

জবাবে অধিনায়ক শ্রেয়াস আইয়ারের সেঞ্চুরিতে ভর করে ১৮ ওভারে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়।

এদিন ওপেনিংয়ে নেমে লখনৌকে চ্যালেঞ্জিং সংগ্রহ এনে দেন জশ ইংলিস। ৪৪ বলে ৯ চার ও ২ ছক্কায় ৭২ রান করেন এই অজি ব্যাটার। বাকিদের মধ্যে আয়ুশ বাদোনি ১৮ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৪৩, আব্দুল সামাদ ২০ বলে ৩টি করে চার-ছক্কায় ৩৭ এবং রিশভ পন্ত ২২ বলে ৩ চারে ২৬ রান করেন।

পাঞ্জাবের পক্ষে মার্কো ইয়ানসেন ও যুঝবেন্দ্র চাহল ২টি করে উইকেট শিকার করেন। এছাড়া আজমতউল্লাহ ওমরজাই এবং শশাঙ্ক সিং ১টি করে উইকেট শিকার করেন।



জবাব দিতে নেমে ইনিংসের প্রথম বলেই প্রিয়ানাশ আরিয়াকে হারায় পাঞ্জাব। শামির বলে টেন্ডুলকারের হাতে ক্যাচ দেন এই ওপেনার। তৃতীয় ওভারে কুপার কনোলিকেও (১০ বলে ১৮) ফেরান শামি।

তবে তৃতীয় উইকেট জুটিতে প্রভসিমরান আর অধিনায়ক শ্রেয়াস মিলে লখনৌকে ম্যাচ থেকে ছিটকে দেন। এই জুটি মাত্র ৭৬ বলে ১৪০ রান যোগ করেন তারা। ৩৯ বলে ৭ চার ও ২ ছক্কায় ৬৯ রান করে টেন্ডুলকারের বলে আউট হন।

প্রভসিমরান আউট হলেও শ্রেয়াস ম্যাচ জিতিতেই ফিরেছেন, সেইসঙ্গে তুলে নিয়েছেন সেঞ্চুরিও। মাত্র ৫১ বলে ১১ চার ও ৫ ছক্কায় ১০১ রানে অপরাজিত থাকেন শ্রেয়াস। ৯ রান করেন সুরিয়ানাশ শেজ ৯ রানে অপরাজিত থাকেন। শামি ২টি উইকেট শিকার করেন। বাকি উইকেটটি নেন অর্জুন টেন্ডুলকার।

এই জয়ে পাঞ্জাব কিংস পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে উঠে এসেছে। তবে আগামীকাল (২৪ মে) রাজস্থান রয়্যালস যদি মুম্বাই ইন্ডিয়ান্সকে হারায়, তাহলে পাঞ্জাব কিংসের প্লে-অফের আশা শেষ হয়ে যাবে। যদি মুম্বাই জিতে যায়, তাহলে কলকাতা নাইট রাইডার্সের সামনে ক্ষীণ একটা সুযোগ থাকবে নেট রান রেটে পাঞ্জাবকে টপকে যাওয়ার। সেক্ষেত্রে কলকাতা যদি ২০০ রান করে তবে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ৭৭ রানের বড় ব্যবধানে জিততে হবে।

আর যদি রান তাড়া করতে নামে, তাহলে ১৮০ রানের লক্ষ্য দিলে ১২ থেকে ১২.৪ ওভারের মধ্যে তুলতে হবে। তবে যদি সেটাও না হয় এবং রাজস্থান হেরে যায়, তাহলে পাঞ্জাব প্লে-অফে উঠে যাবে।

এমআর/টিএ  

মন্তব্য করুন