© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রোনালদোদের শিরোপা জিতিয়ে বিদায় আল নাসর কোচের

শেয়ার করুন:
রোনালদোদের শিরোপা জিতিয়ে বিদায় আল নাসর কোচের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৩৪ এএম | ২৪ মে, ২০২৬
ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসরে যোগ দেওয়ার পর একের পর এক ব্যক্তিগত রেকর্ড এলেও অধরাই ছিল সৌদি প্রো লিগের শিরোপা। টানা তিন মৌসুমের সেই অপেক্ষার অবসান ঘটালেন পর্তুগিজ কোচ হোর্হে জেসুস। তবে দলকে চ্যাম্পিয়ন করার পরই আল নাসরের দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন অভিজ্ঞ এই কোচ।

সৌদি প্রো লিগের শেষ ম্যাচে দামাককে ৪-১ গোলে হারানোর পর আনুষ্ঠানিকভাবে নিজের বিদায়ের কথা জানান জেসুস। ম্যাচ শেষে শিরোপা উদযাপনের মধ্যেই তিনি নিশ্চিত করেন, আল নাসরে তাঁর অধ্যায় শেষ হচ্ছে।

ট্রফি জয়ের পর জেসুস বলেন, ‘আমি এখানে এসেছিলাম ক্রিস্তিয়ানো এবং এই ক্লাবটিকে জেতাতে সাহায্য করতে। আমরা সবাই মিলে একটা অবিশ্বাস্য কাজ করে দেখিয়েছি... এখন আমার বিদায় নেওয়ার সময়।’

৭১ বছর বয়সী এই কোচ জানান, মৌসুম শেষ হওয়ার আগেই তিনি বিদায়ের সিদ্ধান্ত নিয়ে রেখেছিলেন। আল নাসরের দায়িত্ব নেওয়ার সময় থেকেই এটি স্বল্পমেয়াদি একটি প্রকল্প হিসেবে দেখেছিলেন তিনি।



পর্তুগিজ সংবাদমাধ্যম ‘জে গ্লোবো’র তথ্য অনুযায়ী, শুরু থেকেই ক্লাব কর্তৃপক্ষ ও রোনালদোকে জেসুস স্পষ্ট করে জানিয়েছিলেন যে তিনি মাত্র এক মৌসুমের জন্যই দায়িত্ব নেবেন। পাশাপাশি রোনালদোকে সৌদি লিগের শিরোপা জেতানোর প্রতিশ্রুতিও দিয়েছিলেন তিনি।

আল নাসরে আসার পর ব্যক্তিগতভাবে ধারাবাহিক পারফর্ম করলেও দলীয় সাফল্যে বারবার হতাশ হতে হয়েছে রোনালদোকে। ঘরোয়া লিগ, কাপ কিংবা মহাদেশীয় প্রতিযোগিতায় বারবার শিরোপার খুব কাছে গিয়েও ব্যর্থ হয়েছে দলটি। এমনকি লিগ জয়ের কয়েক দিন আগেই ‘এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু’-এর ফাইনালে গাম্বা ওসাকার কাছে হারতে হয় আল নাসরকে। ফলে শেষ ম্যাচের আগে রোনালদো ও জেসুস দুজনের ওপরই ছিল বড় চাপ।

শেষ পর্যন্ত সেই চাপ সামলে শিরোপা জিতে নেয় আল নাসর। তাই এই সাফল্য রোনালদো ও জেসুস—দুজনের জন্যই বিশেষ অর্জন হয়ে থাকল।
জেসুসের মতে, এটি ছিল তাঁর কোচিং ক্যারিয়ারের অন্যতম কঠিন চ্যালেঞ্জ। কারণ প্রতিপক্ষ হিসেবে ছিল শক্তিশালী আল হিলাল, যাদের আধুনিক শক্তিশালী দলে রূপ দিতে একসময় বড় ভূমিকা রেখেছিলেন তিনি নিজেই।

ম্যাচ শেষে নিজের অনুভূতি জানিয়ে জেসুস বলেন, ‘আমি যখন এই চ্যালেঞ্জটা গ্রহণ করেছিলাম, তখনই জানতাম কাজটা ভীষণ কঠিন হবে। আল হিলালকে হারাতে হলে আমাদের বাকি সবার চেয়ে অনেক বেশি শ্রেষ্টত্ব প্রমাণ করতে হতো। আর আমরা সেটা পেরেছি, কারণ আমরা একদম একতাবদ্ধ একটা দল গড়ে তুলেছিলাম।’

এমআর/টিএ 

মন্তব্য করুন