দর্শকদের জন্য ফ্যান আইডি লঞ্চ করল ফিফা
ছবি: সংগৃহীত
০৩:০৭ এএম | ২৪ মে, ২০২৬
ফিফা বিশ্বকাপ ২০২৬ শুরু হতে আর মাত্র তিন সপ্তাহ বাকি। আগামী ১১ জুন মেক্সিকো সিটিতে উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে পর্দা উঠবে ৪৮ দলের এই বিশ্ব আসরের। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার ১৬টি স্টেডিয়ামে মোট ১০৪টি ম্যাচ ঘিরে ফুটবলপ্রেমীদের মাঝে এখন টানটান উত্তেজনা। ঠিক এই মুহূর্তে টিকিটধারী দর্শকদের জন্য এক চমক নিয়ে এলো বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। স্টেডিয়ামে আসা প্রতিটি দর্শকের ম্যাচ দেখার অভিজ্ঞতাকে এক ভিন্ন মাত্রায় নিয়ে যেতে তারা আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে ‘ফিফা ফ্যান আইডি’।
এটি মূলত একটি সম্পূর্ণ বিনামূল্যের প্লাস্টিক কার্ড। প্রতিটি ম্যাচেই টিকিটধারী দর্শকরা এটি সংগ্রহ করতে পারবেন। বিশ্বকাপের ১৬টি ভেন্যুর প্রতিটিতেই প্রবেশের পর ফ্যান ইনফরমেশন বুথ থেকে এই আইডি কার্ড সংগ্রহ করা যাবে। তবে এটি কোনো ভিসা বা স্টেডিয়ামে প্রবেশের মূল টিকিট নয়। এটি হলো ফুটবলপ্রেমীদের জন্য একটি বিশেষ স্মারক। এই কার্ডটির সবচেয়ে বড় আকর্ষণ লুকিয়ে আছে এর ভেতরের ডিজিটাল প্রযুক্তিতে। কার্ডটি হাতে পাওয়ার পর দর্শকরা তাদের স্মার্টফোনে এটি ট্যাপ করলেই খুলে যাবে এক এক্সক্লুসিভ ডিজিটাল দুনিয়া।

এই ফ্যান আইডির মাধ্যমে সমর্থকরা অগমেন্টেড রিয়েলিটি বা এআর ভিডিও বার্তা উপভোগ করতে পারবেন, যা মাঠের আমেজকে আরও বাড়িয়ে দেবে। এর পাশাপাশি দর্শকরা অফিসিয়াল মার্চেন্ডাইজ বা অফিশিয়াল স্মারকগুলোতে নিজেদের ছবি এবং টুর্নামেন্টের বিশেষ মুহূর্তের ছবি জুড়ে দিয়ে তা মনের মতো করে সাজিয়ে নেওয়ার সুযোগ পাবেন। এখানেই শেষ নয়, এই আইডির মাধ্যমে মিলবে আকর্ষণীয় ফিফা রিওয়ার্ডস এবং ম্যাচ ডে-র নানাবিধ প্রয়োজনীয় তথ্য। পুরো টুর্নামেন্ট জুড়ে এই ডিজিটাল দুনিয়ায় নিয়মিত যুক্ত হবে নতুন নতুন সব চমক ও কন্টেন্ট।
এই বিশেষ উদ্যোগ নিয়ে ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনো উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি দর্শকদের উদ্দেশ্যে বলেন, এই ফ্যান আইডি হলো এক্সক্লুসিভ কন্টেন্ট, অবিস্মরণীয় অভিজ্ঞতা এবং আজীবন জমিয়ে রাখার মতো স্মৃতির দুনিয়ায় প্রবেশের মূল চাবিকাঠি। তাই তিনি সব সমর্থককে অত্যন্ত গর্বের সাথে এই ফ্যান আইডি পরিধান করার এবং টুর্নামেন্টের প্রতিটি সেকেন্ড উপভোগ করার আহ্বান জানান।
ফিফার পক্ষ থেকে দর্শকদের ম্যাচ শুরুর অন্তত তিন ঘণ্টা আগে স্টেডিয়ামে আসার জন্য উৎসাহিত করা হয়েছে। শুধু ম্যাচ দেখার দিনই নয়, দর্শকরা স্টেডিয়ামে না থাকলেও যেকোনো সময় এই কার্ড ফোনে ট্যাপ করে নতুন নতুন কন্টেন্টের আপডেট পেতে পারেন।
তিনটি আয়োজক দেশ মিলিয়ে এবার গ্যালারিতে বসে প্রায় ৬০ লাখেরও বেশি মানুষ খেলা দেখবেন এবং বিশ্বজুড়ে আরও প্রায় ৬০০ কোটি মানুষ এই আসরে চোখ রাখবেন বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: ফিফা
এমআর/টিএ