চূড়ান্ত স্কোয়াড বাছাই করতে আর্জেন্টিনা দলে কাটছাঁট শুরু করেছেন স্ক্যালোনি
ছবি: সংগৃহীত
০৫:৩৯ এএম | ২৪ মে, ২০২৬
আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপে আর্জেন্টিনার উদ্বোধনী ম্যাচের বাকি এক মাসেরও কম সময়। টুর্নামেন্ট সামনে রেখে আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনি ধীরে ধীরে নিজের চূড়ান্ত স্কোয়াড গুছিয়ে নিচ্ছেন। ইউরোপের বড় লিগগুলো শেষ হয়ে যাওয়ায় বর্তমানে প্রাথমিক তালিকায় থাকা অর্ধেকের বেশি খেলোয়াড় তাদের ক্লাব থেকে ছাড়পত্র পেতে যাচ্ছেন।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াসি স্পোর্টস জানিয়েছে, স্কালোনি ৫৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড ছোট করার শেষ পর্যায়ে প্রবেশ করেছেন। এই সপ্তাহান্তে ইউরোপের বড় লিগগুলো শেষ হওয়ায় ২৮ জন খেলোয়াড় জাতীয় দলে যোগ দেবেন। এর আগে আরও ১১ জন ছাড়পত্র পেয়েছিলেন।
ক্যাম্পে যোগ দেয়ার জন্য সবচেয়ে বড় এবং চূড়ান্ত দলে প্রায় নিশ্চিত প্রতিনিধিদল আসবে স্পেন থেকে। এই তালিকায় অ্যাতলেটিকো মাদ্রিদের হুয়ান মুসো, নাহুয়েল মলিনা, গিউলিয়ানো সিমিওনে, হুলিয়ান আলভারেজ, থিয়াগো আলমাদা এবং নিকোলাস গঞ্জালেস।
লা লিগায় খেলা তারকাদের মধ্যে এখনও স্কোয়াডে জায়গার লড়াইয়ে আছেন জিওভান্নি লো সেলসো (রিয়াল বেতিস), জাইদ রোমেরো (গেতাফে), গুইদো রদ্রিগেজ (ভ্যালেন্সিয়া) এবং ক্লাউদিও এচেভেরি (জিরোনা)। অন্যদিকে ইন্টার মায়ামির লিওনেল মেসি ও রদ্রিগো ডি পল রোববার (২৪ মে) রাতে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ম্যাচ খেলে নিজেদের প্রস্তুতি শেষ করবেন।
রোববার শেষ হচ্ছে প্রিমিয়ার লিগ। ফলে বেশ কয়েকজন নিশ্চিত বিশ্বকাপগামী খেলোয়াড় ছাড়পত্র পাবেন। তারা হলেন এমিলিয়ানো রদ্রিগেজ (অ্যাস্টন ভিলা), লিসান্দ্র মার্টিনেজ (ম্যানচেস্টার ইউনাইটেড), ক্রিস্টিয়ান রোমেরো (টটেনহ্যাম হটস্পার) এবং এনজো ফার্নান্দেজ (চেলসি)।
এছাড়া ওয়াল্টার বেনিতেজ (ক্রিস্টাল প্যালেস), মার্কোস সেনেসি (বোর্নমাউথ), এবং এমিলিয়ানো বুয়েন্দিয়াকে (অ্যাস্টন ভিলা) বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার শক্তিশালী দাবিদার ধরা হচ্ছে। অন্যদিকে নিকোলাস ডমিঙ্গুয়েজ (নটিংহ্যাম ফরেস্ট) ও আলেহান্দ্র গারনাচো (চেলসি) কিছুটা পিছিয়ে আছেন।
এই সপ্তাহেই শেষ হচ্ছে সিরি আ। লাউতারো মার্টিনেজ ইন্টার মিলানের হয়ে লিগ জয় এবং সিরি আ’র সর্বোচ্চ গোলদাতা হওয়ার পর বিশ্বকাপে যাচ্ছেন। অন্যদিকে নিকোলাস পাজ হাঁটুর চোটে আক্রান্ত হওয়ায় উদ্বেগ তৈরি হয়েছে। ক্লাবের হয়ে শেষ ম্যাচে তিনি খেলেননি। এছাড়া ম্যাক্সিমো পেরন, মাতিয়াস সুলে, সান্তিয়াগো ক্যাস্ত্রো এবং মাতেও পেল্লেগ্রিনো বর্তমানে স্কালোনির দ্বিতীয় সারির পছন্দে আছেন।
সবশেষে ছাড়পত্র পাবেন দক্ষিণ আমেরিকায় খেলা ফুটবলাররা। ২৬ থেকে ২৮ মে পর্যন্ত চলবে কোপা লিবের্তাদোরেস ও কোপা সুদামেরিকানার গ্রুপ পর্বের খেলা। আর ৩১ মে সপ্তাহান্তে শেষ হবে ব্রাজিলিয়ান সিরি আ। পালমেইরাসে খেলছেন অগাস্টিন গিয়াই ও হুয়ান মানুয়েল লোপেজ, দুজনেরই চূড়ান্ত স্কোয়াডে সুযোগ পাওয়ার সম্ভাবনা আছে।
অন্যদিকে রিভারপ্লেটের ছয়জন খেলোয়াড় ক্লাব ব্লুমিংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে মৌসুমের প্রথম অংশ শেষ করবেন। স্কোয়াডে জায়গা প্রায় নিশ্চিত হয়ে যাওয়ায় স্কালোনি হয়তো গঞ্জালো মন্তিয়েল ও মার্কোস আকুনাকে আগেভাগে ছাড়ার অনুরোধ করতে পারেন। এছাড়া সান্তিয়াগো বেলট্রান স্প্যারিং পার্টনার হিসেবে ডাক পেতে পারেন। তবে লুকাস মার্টিনেজ কুয়ার্তা, হেরমান পেজ্জালা ও আনিবাল মোরেনোর চূড়ান্ত স্কোয়াডে থাকার সম্ভাবনা কম।
একই অবস্থা বোকা জুনিয়র্সেরও। ইউনিভারসিদাদ কাতোলিকার বিপক্ষে ম্যাচে নির্ধারিত হবে তাদের শেষ ষোলো নিশ্চিত হবে কি না। প্রাথমিক স্কোয়াডে থাকা চারজনের মধ্যে কেবল লিয়ান্দ্র পারেদেসের জায়গা প্রায় নিশ্চিত। লাউতারো দি লোল্লো, মিলটন দেলগাদো এবং টমাস আরান্দাকে ভবিষ্যতের সম্ভাবনা হিসেবে দেখা হচ্ছে। ক্লাব থেকে ছাড়পত্র পাবেন ফাকুন্দো কাম্বেসেস ও গ্যাব্রিয়েল রোহাস।
অন্যদিকে যেসব খেলোয়াড়ের চূড়ান্ত ২৬ সদস্যের স্কোয়াডে থাকার সম্ভাবনা বেশি এবং যারা গত সপ্তাহেই মৌসুম শেষ করেছেন, তারা হলেন জেরেনিমো রুল্লি, লিওনার্দো বালেরদি, নিকোলাস তালিয়াফিকো, ভ্যালেন্টিন বার্কো, এজেকুয়েল প্যালাসিওস এবং নিকোলাস ওতামেন্দি।
এছাড়া এখনও স্কোয়াডে জায়গার লড়াইয়ে থাকা আরও কয়েকজন খেলোয়াড়ও ক্লাবের কাছ থেকে ছাড়পত্র পেয়েছেন। তারা হলেন ফাকুন্দো মেদিনা (অলিম্পিক মার্শেই), এজেকুয়েল ফার্নান্দেজ (বায়ার লেভারকুসেন), নিকোলাস কাপালদো (হ্যামবুর্গার), আলান ভারেলা (পোর্তো) এবং জিয়ানলুকা প্রেস্তিয়ান্নি (বেনফিকা)।
এমআর/টিএ