© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

লা লিগাহার দিয়ে মৌসুম শেষ করল চ্যাম্পিয়ন বার্সেলোনা

শেয়ার করুন:
হার দিয়ে মৌসুম শেষ করল চ্যাম্পিয়ন বার্সেলোনা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৫১ এএম | ২৪ মে, ২০২৬
মৌসুমের শেষটা সুখকর হলো না বার্সেলোনার। দলটির জার্সিতে বিদায়ী ম্যাচে গোল করলেও জয় পেলেন না রবের্ত লেভানদোভস্কি। ঘুরে দাঁড়িয়ে তাদের জালে তিন গোল দিয়ে জিতল ভালেন্সিয়া।

লা লিগার শেষ রাউন্ডে শনিবার প্রতিপক্ষের মাঠে ৩-১ গোলে হেরেছে হান্সি ফ্লিকের দল। সবকটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে।

শিরোপা নিশ্চিত করার পর শেষ তিন ম্যাচের দুটিতে পরাজয়ের স্বাদ পেল কাতালান দলটি।



প্রথমার্ধে বার্সেলোনার পারফরম্যান্স ছিল একেবারেই সাদামাটা। গোলের জন্য ছয় শটের কেবল একটি লক্ষ্যে রাখতে পারে তারা। ২৫তম মিনিটে ফেররান তরেসের সেই শট ঠেকান ভালেন্সিয়া গোলরক্ষক। প্রথমার্ধের শেষ দিকে লেভানদোভস্কির একটি হেড পোস্টে লাগে। এই সময়ে দুইবার বার্সেলোনা গোলরক্ষকের পরীক্ষা নেয় স্বাগতিকরা।

৬১তম মিনিটে বার্সেলোনাকে এগিয়ে নেন লেভানদোভস্কি। ফেররান তরেসের ভলিতে কাছ থেকে পা ছুঁয়ে বল জালে পাঠান পোলিশ তারকা।

তবে ঘুরে দাঁড়াতে সময় নেয়নি ভালেন্সিয়া। প্রতিপক্ষের ভুল পাসে ৬৬তম মিনিটে বক্সের বাইরে বল পেয়ে ভেতরে ঢুকে জোরাল শটে সমতা ফেরান হাভি গেরেরা।

চার মিনিট পর এগিয়েও যায় ভালেন্সিয়া। গেরেরার শট ব্লকড হওয়ার পর দারুণ শটে লক্ষ্যভেদ করেন লুইস রিওহা।

আর আট মিনিট যোগ করা সময়ের সপ্তম মিনিটে বার্সেলোনার কফিনে শেষ পেরেক ঠুকে দেন গিদো রদ্রিগেস। সফরকারীরা বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে বক্সের বাইরে থেকে শটে গোলটি করেন তিনি।

৩৮ ম্যাচে ৩১ জয় ও এক ড্রয়ে ৯৪ পয়েন্ট নিয়ে আসর শেষ করল টানা দুইবারের লিগ জয়ী বার্সেলোনা। ৮৬ পয়েন্ট নিয়ে রানার্সআপ রেয়াল মাদ্রিদ।

৪৯ পয়েন্ট নিয়ে নবম স্থানে থেকে শেষ করল ভালেন্সিয়া।

স্পেনের শীর্ষ লিগ থেকে এবার আগেই অবনমন হয়েছিল রিয়াল ওবিয়েদোর। শেষ দিনে তাদের সঙ্গী হয়েছে জিরোনা ও মায়োর্কা।

এমআর/টিএ   

মন্তব্য করুন