লিওঁকে ৪-০ গোলে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতল বার্সেলোনার মেয়েরা
ছবি: সংগৃহীত
০৬:০১ এএম | ২৪ মে, ২০২৬
ম্যাচের চতুর্দশ মিনিটে বার্সেলোনার জালে বল পাঠাল লিওঁ। কিন্তু ভিএআর পর্যালোচনার পর অফসাইডের কারণে গোল মিলল না। প্রথমার্ধের বাকি সময়ে প্রতিপক্ষকে চাপে রাখলেও, বিরতির পর আর পেরে উঠল না ফরাসি দলটি। দ্বিতীয়ার্ধে চার গোল করে চতুর্থবারের মতো উইমেন’স চ্যাম্পিয়ন্স লিগ জিতল বার্সেলোনা।
নরওয়ের অসলোতে শনিবারের ফাইনালে স্প্যানিশ দলটির জয় ৪-০ গোলে। ইভা পায়োর জোড়া গোলের পর শেষ দিকে দুটি গোল করেন সালমা পারাইয়েলো।

টানা ছয় মৌসুমে এই প্রতিযোগিতার ফাইনাল খেলে চারটিতেই জয়ী হলো বার্সেলোনা। সর্বোচ্চ শিরোপা জয়ের রেকর্ডের তালিকায় দ্বিতীয় স্থানে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের পাশে বসল তারা; দুই দলেরই চারটি করে। আটটি শিরোপা নিয়ে চূড়ায় লিওঁ।
গত আসরের ফাইনালে লিসবনে বিস্ময়করভাবে আর্সেনালের বিপক্ষে ১-০ গোলে হেরেছিল বার্সেলোনা। এবার আর ভুল করল না তারা।
এমআর/টিএ