লা লিগাঘরের মাঠে জয় দিয়ে মৌসুম শেষ করল রিয়াল মাদ্রিদ
ছবি: সংগৃহীত
০৬:০৬ এএম | ২৪ মে, ২০২৬
অধিনায়ক দানি কার্ভাহাল ও ডিফেন্ডার ডাভিড আলাবার পাশাপাশি কোচ আলভারো আরবেলোয়ারও শেষ ম্যাচ। বিদায়ের সুর বাজছিল আগে থেকেই। শিরোপাশূন্য মৌসুমের শেষ ম্যাচে খেলোয়াড়দের বরণ করে নিলেন রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেস। মাঠে উজ্জ্বীতি ফুটবল খেলল ইউরোপের সফলতম দলটি। আথলেতিক বিলবাওকে হারিয়ে জয় দিয়ে মৌসুম শেষ করল তারা।
সান্তিয়াগো বের্নাবেউয়ে শনিবার রাতে লা লিগার ম্যাচে ৪-১ গোলে জিতেছে আরবেলোয়ার দল। স্বাগতিকদের হয়ে জালের দেখা পেয়েছেন কিলিয়ান এমবাপে, জুড বেলিংহ্যাম, ব্রাহিম দিয়াস ও গন্সালো গার্সিয়া।
একটু ঢিমেতালে শুরু হওয়া ম্যাচে দ্বাদশ মিনিটে এগিয়ে যায় রিয়াল। মাঝমাঠ থেকে কার্ভালের বাড়ানো বল ছুটে গিয়ে ডি বক্সের বাইরে নিয়ন্ত্রণে নেন গার্সিয়া। দারুণ গতিতে এগিয়ে গিয়ে কাছের পোস্ট দিয়ে অনায়াসে জাল খুঁজে নেন তিনি।

২৫তম মিনিটে ডি বক্সের ভেতর থেকে থিয়াগো পিত্রাচের শট ঝাঁপিয়ে ফেরান বিলবাও গোলরক্ষক।
চাপ ধরে রেখে ৪১তম মিনিটে ব্যবধান বাড়ায় রিয়াল। পিত্রাচের কাছ থেকে বল পেয়ে ডি বক্স থেকে জাল খুঁজে নেন বেলিংহ্যাম।
যোগ করা সময়ের প্রথম মিনিটে ব্যবধান কমায় বিলবাও। ইনাকি উইলিয়ামসের ক্রসে থিবো কোর্তোয়াকে পরাস্ত করেন গোর্কা গুরুজেতা।
দ্বিতীয়ার্ধের শুরুতেই জালের দেখা পান এমবাপে। আলভারো কারেরাসের কাছ থেকে বল পেয়ে ডি বক্সের বাইরে থেকে গতিময় আড়াআড়ি শটে দূরের পোস্ট দিয়ে বল জালে পাঠান ফরাসি ফরোয়ার্ড।
৭০তম মিনিটে তুমুল করতালির মধ্যে মাঠ ছাড়েন আলাবা। সতীর্থদের সঙ্গে হাত মিলিয়ে, সবাইকে আলিঙ্গন করে ডাগআউটে পরিবারের কাছে যান অস্ট্রিয়ান ডিফেন্ডার।
৮৪তম মিনিটে মাঠ ছাড়েন রিয়াল অধিনায়ক কার্ভাহাল। দুই দলের খেলোয়াড়রা অভিজ্ঞ স্প্যানিশ রাইট ব্যাককে গার্ড অব অনার দেন। পুরোটা সময় দাঁড়িয়ে করতালি দেন বের্নাবেউয়ের দর্শকরা। চোখে জল নিয়ে ডাগআউটে পরিবারের কাছে যান কার্ভাহাল।
৮৮তম মিনিটে জালের দেখা পান দিয়াস। এই গোলে দারুণ অবদান এমবাপের। তার বাড়ানো বল পেয়েই পিত্রাচ খুঁজে নেন দিয়াসকে। দারুণ গতিতে ছুটে গিয়ে বাকিটা অনায়াসে সারেন তিনি।
৩৮ ম্যাচে ২৭ জয় ও পাঁচ ড্রয়ে ৮৬ পয়েন্ট নিয়ে রানার্সআপ হলো রিয়াল।
এমআর/টিএ