এনজো ফার্নান্দেজকে ‘রেকর্ড দামে’ কিনতে প্রস্তুত রিয়াল মাদ্রিদ
ছবি: সংগৃহীত
১১:২৩ এএম | ২৪ মে, ২০২৬
নতুন মৌসুমকে সামনে রেখে বড়সড় পরিকল্পনা করছে রিয়াল মাদ্রিদ। মাঝমাঠে নতুন নেতৃত্ব খুঁজতে এবার তাদের নজর পড়েছে এনজো ফার্নান্দেজের দিকে।
স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোর দাবি, রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ ব্যক্তিগতভাবে এই ট্রান্সফার নিয়ে আগ্রহী। আর্জেন্টাইন এই মিডফিল্ডারকে দলে আনতে রেকর্ড প্রায় ১৫০ মিলিয়ন ইউরো পর্যন্ত খরচ করতে প্রস্তুত রিয়াল মাদ্রিদ।
চেলসির হয়ে দুর্দান্ত পারফরম্যান্সে ইতোমধ্যেই নিজেকে প্রমাণ করেছেন এনজো। মাঝমাঠে তার নিয়ন্ত্রণ, পাসিং, আক্রমণ তৈরির ক্ষমতা ও লড়াকু মানসিকতা রিয়াল কোচিং স্টাফকে মুগ্ধ করেছে।
রিয়াল মনে করছে, ভবিষ্যতের মাঝমাঠ গড়তে এনজোর মতো ফুটবলারই হতে পারেন আদর্শ পছন্দ। বিশেষ করে বড় ম্যাচের চাপ সামলানোর মানসিকতা ও বিশ্বকাপজয়ী অভিজ্ঞতা তাকে আরও আলাদা করে তুলেছে।

তবে এই ট্রান্সফার মোটেও সহজ হবে না। চেলসি মোটা অঙ্কের অর্থ খরচ করে এনজোকে দলে এনেছিল এবং তাকে দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে বিবেচনা করে।
তাই সহজে তাকে ছাড়তে রাজি নয় লন্ডনের ক্লাবটি।
তবু ইউরোপীয় ফুটবলে চলমান আর্থিক চাপ ও দল পুনর্গঠনের সম্ভাবনার কারণে বড় প্রস্তাব এলে পরিস্থিতি বদলাতে পারে বলেও ধারণা করা হচ্ছে।
রিয়াল মাদ্রিদের লক্ষ্য পরিষ্কার, নতুন মৌসুমে এমন একজন মিডফিল্ডারকে দলে আনা, যিনি আগামী এক দশক মাঝমাঠ শাসন করতে পারবেন। আর সেই তালিকার শীর্ষেই এখন এনজো ফার্নান্দেজ।
টিজে/টিএ