© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার: স্বরাষ্ট্রমন্ত্রী

শেয়ার করুন:
রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:১৪ পিএম | ২৪ মে, ২০২৬
শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আজ রবিবার আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আগামী ৫ থেকে ৭ দিনের মধ্যে বিচার কাজ সম্পন্ন হবে বলে জানান তিনি।


আজ রবিবার এক ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী।


সালাহউদ্দিন আহমদ বলেন, রামিসার ঘটনায় চার্জশিট আজই। বিশেষ এই আদালতে ৫ থেকে ৭ দিনের মধ্যে বিচারকাজ সম্পন্ন করা হবে। যদিও আদালতের বিষয় এটি।


আশা করছি, আদালত সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করবেন।


সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শিশু রামিসা হত্যা মামলার চূড়ান্ত অভিযোগপত্রের খসড়া তৈরি শেষে বর্তমানে ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যারে ডেটা এন্ট্রি করাসহ কিছু কারিগরি প্রক্রিয়া সম্পন্ন করছে পুলিশ।


চার্জশিটে প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে অভিযুক্ত করা হচ্ছে। অভিযুক্ত স্বপ্না আক্তারকে ইতোমধ্যে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে আনা হয়েছে।


গত বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারকের খাসকামরায় ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন প্রধান আসামি সোহেল রানা।


জবানবন্দিতে তিনি স্বীকার করেন, ঘটনার পূর্বে তিনি ইয়াবা সেবন করেছিলেন এবং এরপরই শিশু রামিসাকে ধর্ষণ ও শ্বাসরোধে হত্যা করেন।


সোহেল রানাকে জিজ্ঞাসাবাদের সঙ্গে জড়িত পুলিশ কর্মকর্তারা দেশের একটি গণমাধ্যমকে জানান, রামিসাকে ধর্ষণ ও হত্যার সময়ে ঘরের একটি কক্ষে স্ত্রী স্বপ্না আক্তারকে আটকে রেখেছিলেন সোহেল। পরে মরদেহ টুকরা করে গুম করার প্রস্তুতির সময় রামিসার স্বজন ও প্রতিবেশীরা দরজা ভেঙে ঘরের ভেতরে ঢুকে পড়েন। এ সময় জানালার গ্রিল ভেঙে পালিয়ে যান সোহেল ও তার আরেক সঙ্গী।


স্বপ্নাকে তাৎক্ষণিক আটক করেন স্থানীয়রা।


টিজে/টিএ 

মন্তব্য করুন