© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঈদকে ঘিরে নৌপথে ২৩ ঘাটে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে কোস্ট গার্ড

শেয়ার করুন:
ঈদকে ঘিরে নৌপথে ২৩ ঘাটে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে কোস্ট গার্ড

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৪৪ পিএম | ২৪ মে, ২০২৬
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নৌপথে যাত্রী ও যানবাহনের চাপ বৃদ্ধি পাওয়ায় দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ লঞ্চ, খেয়া ও ফেরিঘাটে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

রোববার (২৪ মে) সকালে ভোলার ইলিশা ঘাটে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান কোস্ট গার্ড দক্ষিণ জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন আরিফ হোসেন।

তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধ এবং নৌপথের নিরাপত্তা নিশ্চিতে নিয়মিত টহল, যৌথ অভিযান ও সাঁড়াশি অভিযান পরিচালনা করছে এ বাহিনী।

কোস্ট গার্ড জানায়, ঈদকে কেন্দ্র করে দক্ষিণ জোনের আওতাধীন ভোলার ইলিশা, খেয়াঘাট, ভেদুরিয়া, নাজিরপুর ও চৌমুহনীসহ লক্ষ্মীপুরের মজুচৌধুরীর হাট ও আলেকজান্ডার, বরিশালের ডিসি ঘাট, উলানিয়া ও পুরাতন হিজলা, পটুয়াখালীর আলীপুর, কলাপাড়া ও বাউশিয়া, নোয়াখালীর তমরুদ্দি ও রামনেওয়াজ এবং বরগুনার কাকচিড়া ও পাথরঘাটাসহ গুরুত্বপূর্ণ লঞ্চ, খেয়া ও ফেরিঘাটে সার্বক্ষণিক টহল জোরদার করা হয়েছে।

যেকোনো দুর্ঘটনা মোকাবিলায় কোস্ট গার্ডের ডুবুরি দলকে প্রস্তুত রাখা হয়েছে বলেও জানান তিনি। পাশাপাশি বিআইডব্লিউটিএ কন্ট্রোল রুমে কোস্ট গার্ডের প্রতিনিধি সার্বক্ষণিক পর্যবেক্ষণে থাকবেন। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত সদস্য মোতায়েন, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, সন্দেহভাজন ব্যক্তি ও নৌযানে তল্লাশি এবং যাত্রীদের ব্যাগ স্ক্যানিংয়ের মতো নিরাপত্তামূলক কার্যক্রমও চালানো হচ্ছে।

তিনি আরও বলেন, চুরি, ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাই ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধের পাশাপাশি গরু, মহিষসহ কোরবানির পশু চোরাচালান দমন এবং নিরাপদ পরিবহন নিশ্চিত করতে উল্লেখযোগ্য সংখ্যক টহল টিম ও উচ্চগতির বোট মোতায়েন করা হয়েছে।

অতিরিক্ত যাত্রী বহনের কারণে দুর্ঘটনা এড়াতে বিশেষ টহল, মাইকিং, লিফলেট বিতরণ এবং ধারণক্ষমতার বেশি যাত্রী পরিবহন বন্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে যাত্রীদের লাইফ জ্যাকেট পরিধান নিশ্চিত করতেও কাজ করছে কোস্ট গার্ড।

ক্যাপ্টেন আরিফ হোসেন বলেন, লঞ্চঘাটের নির্ধারিত স্থান ছাড়া ছোট বোট বা ট্রলারে যাত্রী ওঠানামা বন্ধে বিশেষ নজরদারি রাখা হয়েছে। জরুরি প্রয়োজনে সহায়তা পেতে সবাইকে কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ যোগাযোগ করার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসী যেন শান্তিপূর্ণ, নিরাপদ ও আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে কোস্ট গার্ডের এ নিরাপত্তামূলক কার্যক্রম ঈদ-পরবর্তী সময়ে যাত্রীদের নিরাপদে কর্মস্থলে ফেরা পর্যন্ত অব্যাহত থাকবে।

কেএন/টিকে

মন্তব্য করুন