ছেলে অর্জুনের আইপিএল অভিষেকের পর শচীনের পোস্ট ভাইরাল
ছবি: সংগৃহীত
০৪:৩১ পিএম | ২৪ মে, ২০২৬
টি-টোয়েন্টি ক্যারিয়ারেই সর্বসাকল্যে ৩০ ম্যাচ খেলেছেন শচীন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকার। এক সময় মুম্বাই ইন্ডিয়ান্স নেট বোলার হিসেবে অর্জুনকে কাজে লাগালেও আইপিএলে বলতে গেলে তাকে সুযোগই দেয়নি। এবারের আইপিএলেও খেলতে পেরেছেন কেবল এক ম্যাচ। তবু ছেলেকে নিয়ে গর্ব হয় ক্রিকেট কিংবদন্তির। গত রাতে ম্যাচ শেষে যে পোস্ট করেছেন শচীন, তা দ্রুতই ভাইরাল হয়েছে।
২০২৩ ও ২০২৪ সালে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলা অর্জুনকে এবার নিয়েছিল লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। শনিবার লক্ষ্ণৌর অটল বিহারি বাজপেয়ি স্টেডিয়ামে নিজেদের শেষ ম্যাচে লক্ষ্ণৌ শচীন পুত্রকে একাদশে খেলিয়েছে। নতুন ফ্র্যাঞ্চাইজির হয়ে অভিষেকে ৪ ওভারে ৩৬ রানে নিয়েছেন এক উইকেট। সেই উইকেটটাও পাঞ্জাব কিংসের উইকেটরক্ষক ব্যাটার প্রভসিমরান সিংয়ের। ৩৯ বলে ৭ চার ও ২ ছক্কায় ৬৯ রান করেন প্রভসিমরান।
পাঞ্জাবের বিপক্ষে গত রাতে ফিল্ডিংয়ে একটি ক্যাচ ধরেছেন। আর ৮ নম্বরে ব্যাটিংয়ে নেমে ৫ বলে ৫ রান করে অপরাজিত থাকেন। এই এক ম্যাচে সুযোগ পেয়ে অর্জুন যা করেছেন, তাতে গর্বিত শচীন। নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে ম্যাচ শেষে ভারতীয় ব্যাটিং কিংবদন্তি লিখেছেন, ‘খুব ভালো করেছ অর্জুন।এই পুরো মৌসুমে তুমি যেভাবে নিজেকে সামলেছ, সেটা নিয়ে আমি সত্যিই গর্বিত। নিজের সামর্থ্যের ওপর বিশ্বাস রাখা, ধৈর্য ধরে অপেক্ষা করা, নীরবে কঠোর পরিশ্রম করে যাওয়া আর সুযোগের জন্য শেষ ম্যাচ পর্যন্ত ইতিবাচক থাকা—সবকিছুই অসাধারণ ছিল।’
আইপিএলে এখন পর্যন্ত মাত্র ৬ ম্যাচ খেলেছেন অর্জুন। যার মধ্যে মুম্বাইয়ের হয়েই খেলেছেন ৫ ম্যাচ। আর লক্ষ্ণৌ এবার এমন এক সময়ে তাঁকে অভিষেক করিয়েছে, ততক্ষণে দলটির বিদায়ঘণ্টা বেজে গিয়েছে। ১৩ ম্যাচ লক্ষ্ণৌর ডাগআউটে বসে থাকার পর গত রাতে পাঞ্জাবের বিপক্ষে সুযোগ পেয়েছেন অর্জুন।
ছেলে অর্জুনকে বাস্তবতাও বুঝিয়ে দিয়েছেন শচীন। ভারতীয় ব্যাটিং কিংবদন্তি মনে করিয়ে দিয়েছেন, ক্রিকেটটা কেবল ২২ গজে দক্ষতার খেলা নয়, সাফল্য পেতে হলে থাকতে হবে ধৈর্যও। অর্জুনকে নিয়ে শচীন লিখেছেন, ‘ক্রিকেট যেমন দক্ষতার পরীক্ষা নেয়, তেমনি ধৈর্যেরও পরীক্ষা নেয়। আর আজ তুমি দুটোই দারুণভাবে সামলেছ। সব সময় মাটির কাছাকাছি থেকো, আর খেলাটাকে ঠিক আগের মতোই ভালোবেসে যেও। সব সময় তোমাকে ভালোবাসি।’
এবি/টিএ