© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীপ্রান্তিক মানুষের উন্নয়ন ছাড়া দেশের সার্বিক অগ্রগতি সম্ভব নয়

শেয়ার করুন:
প্রান্তিক মানুষের উন্নয়ন ছাড়া দেশের সার্বিক অগ্রগতি সম্ভব নয়

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৪৭ পিএম | ২৪ মে, ২০২৬
বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেছেন, স্বাধীনতার পর থেকে অনেক সরকার এলেও প্রান্তিক ও খেটে খাওয়া শ্রমজীবী মানুষের কল্যাণে কার্যকর পদক্ষেপ খুব বেশি দেখা যায়নি। গ্রামের মানুষের জন্য আমাদের চিন্তা করা উচিত, জনপ্রতিনিধিদের ভাবা উচিত। সেই জায়গায় যদি আমরা উন্নয়ন না করি তাহলে সার্বিকভাবে আমরা দেশের উন্নয়নে আগাতে পারবো না।

রোববার (২৪ মে) দুপুরে ময়মনসিংহ সিটি করপোরেশন আয়োজিত নিম্ন আয়ের মানুষের মাঝে টিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নগরের টাউন হলের ভাষা সৈনিক এম. শামছুল হক মুক্তমঞ্চে বস্তি এলাকায় বসবাসকারী নিম্ন আয়ের ৬৬৯ পরিবারের মাঝে টিন বিতরণ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী বলেন, সত্যিকার অর্থে আমরা আমাদের উন্নয়ন, আমাদের মানব সম্পদ, আমাদের মানবতা, আমাদের নৈতিকতা, আমাদের সেই তৃণমূল প্রান্তিক মানুষগুলোকে প্রসার না করলে সত্যিকার অর্থে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া বা আমরা উন্নত শিখরে পৌঁছার যে স্বপ্ন দেখি সেটা বাস্তবায়ন হবে না।

তিনি বলেন, ১২ জানুয়ারির নির্বাচনে জাতীয়তাবাদী দলকে এ দেশের মানুষ নির্বাচিত করেছে। সরকার নির্বাচনের পূর্বে যে ওয়াদাগুলো করেছিল তা বাস্তবায়নে কাজ করছে। প্রান্তিক মানুষগুলো, গরিব, অসহায় সাধারণ মানুষ যারা খেটে খাওয়া শ্রমজীবী তাদের জন্য আমাদের কর্মসূচিগুলো থাকতে হবে এবং সেটা আমরা বাস্তবায়ন করব।

তিনি বলেন, আপনারা অনেকেই জানেন যে আমরা নির্বাচিত হওয়ার ৯ দিনের মাথায় আমরা এ দেশের কৃষক, খেটে খাওয়া বিশেষ করে কৃষকদের যে কৃষি ঋণ ছিল তা মওকুফ করেছেন। প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হচ্ছে। আগামী অর্থ বছরে ৪০ লাখ পরিবার ফ্যামিলি কার্ড পাবে। এমনিভাবে আমরা কৃষক ও প্রান্তিক মানুষের জন্য কাজ করে যাচ্ছি।

এ সময় সিটি করপোরেশনের উদ্যোগে অসহায়দের জন্য নিজস্ব ব্যবস্থাপনায় হেলথ কার্ড বিতরণ কর্মসূচির প্রশংসা করেন তিনি।

প্রতিমন্ত্রী আরও বলেন, আজকে ৬৬৯ জন পরিবারকে টিন দেওয়া হচ্ছে। এটা অত্যন্ত মহতী উদ্যোগ। এই সিটি করপোরেশনে লাখো কোটি টাকার বাজেট হয়েছে কিন্তু প্রান্তিক মানুষগুলোর জন্য বিগত সময়ে আমরা কিছু করতে দেখি নাই। এখানে লুটপাট হয়েছে। মানুষের কল্যাণে এখানে কোনো কার্যক্রম গ্রহণ করা হয় নাই। বিগত সরকারের লুটপাট ও বিদেশে টাকা পাচারের কারণে আমাদের অর্থনৈতিক সংকট আছে। কিন্তু সম্মিলিত প্রয়াসে বিভিন্ন খাতে খরচ সাশ্রয়ী করে ময়মনসিংহের উন্নয়ন করতে চাই।

এ সময় সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দা ওয়াহিদ, মুক্তাগাছা আসনের সংসদ সদস্য মোহাম্মদ জাকির হোসেন, ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ, সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা সুমনা আল মজীদ প্রমুখ।

এবি/টিএ

মন্তব্য করুন