রাতের মধ্যে দেশের ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টিসহ ঝড়ের আভাস
ছবি: সংগৃহীত
০৬:১৯ পিএম | ২৪ মে, ২০২৬
রাতের মধ্যে দেশের ছয় অঞ্চলে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে বজ্রবৃষ্টিসহ ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এসব অঞ্চলের নদীবন্দরে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে সংস্থাটি।
রোববার (২৪ মে) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অফিস জানায়, রাত ১টার মধ্যে রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে ২৪ ঘণ্টার আবহাওয়া বার্তায় জানানো হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়া এবং বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।
এছাড়া ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, চাঁদপুর, লক্ষ্মীপুর ও পটুয়াখালী জেলাসহ খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
এমআই/এসএন