আফতাবনগরে ‘মেসি’র দাম হাঁকা হচ্ছে ১৫ লাখ টাকা
ছবি: সংগৃহীত
০৭:১২ পিএম | ২৪ মে, ২০২৬
রাজধানীর আফতাবনগরের কোরবানির পশুর হাটে ক্রেতা ও দর্শনার্থীদের নজর কাড়ছে ‘মেসি’ নামের একটি বিশাল আকৃতির গরু। ৬০ বছর বয়সী পাবনার কৃষক মো. বাহার উদ্দীন নিজের খামারে লালন-পালন করা গরুটি নিয়ে এসেছেন রাজধানীর হাটে। গরুটির দাম হাঁকা হয়েছে ১৫ লাখ টাকা।
হাট ঘুরে দেখা যায়, বড় আকৃতির ও সুঠাম দেহের গরু ‘মেসি’কে এক নজর দেখতে ভিড় করছেন অনেকে। কেউ ছবি তুলছেন, কেউ আবার গরুটির দাম শুনে বিস্ময় প্রকাশ করছেন। গরুটিকে ঘিরে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।
কৃষক বাহার উদ্দীনের সঙ্গে কথা বলে জানা যায়, ছোটবেলা থেকেই নিজের সন্তানের মতো করে গরুটি লালন-পালন করেছেন তিনি। দীর্ঘ সময় ধরে যত্ন নেওয়ার ফলেই গরুটি এত বড় ও শক্তিশালী হয়েছে বলে জানান তিনি।
গরুটির নাম কেন ‘মেসি’ রাখা হয়েছে— এমন প্রশ্নের জবাবে বাহার উদ্দীন বলেন, “গরুটি অনেক শক্তিশালী। মাঠে-ঘাটে চলাফেরা ও এর গঠন আমার কাছে আলাদা মনে হয়েছে। তাই শখ করে এর নাম রেখেছি ‘মেসি’।”
তিনি আরও বলেন, গরুটিকে প্রাকৃতিক উপায়ে বড় করা হয়েছে। খড়, ভুসি ও সাধারণ খাবারের বাইরে কোনো বিশেষ বা ক্ষতিকর খাবার খাওয়ানো হয়নি। সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে পরিচর্যা করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
বাহার উদ্দীন বলেন, “অনেক কষ্ট করে গরুটি বড় করেছি। আশা করছি ভালো দামেই বিক্রি করতে পারব। হাটে মানুষজন গরুটি দেখতে আসছে, এতে ভালো লাগছে।”
এদিকে কোরবানির ঈদ সামনে রেখে রাজধানীর বিভিন্ন পশুর হাটে বড় আকৃতির গরুর প্রতি ক্রেতাদের আগ্রহ বাড়ছে। বিশেষ করে ব্যতিক্রমধর্মী নাম ও আকর্ষণীয় গঠনের গরুগুলো সহজেই মানুষের দৃষ্টি কাড়ছে। সেই তালিকায় এখন আলোচনায় রয়েছে ‘মেসি’ নামের এই গরুটি।
টিএ/