ভিজিএফের চাল আত্মসাতের অভিযোগ, ২ ইউপি সদস্য গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
১২:১৬ এএম | ২৫ মে, ২০২৬
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার ধামশ্বর ইউনিয়নে ভিজিএফের চাল আত্মসাতের অভিযোগে দুই ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন- ধামশ্বর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সদস্য আয়নাল হক ও ৪নং ওয়ার্ডের সদস্য মানিয়ার মোল্লা।
রোববার (২৪ মে) আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
জানা গেছে, ঈদুল আজহা উপলক্ষে ২০২৫-২০২৬ অর্থবছরে ধামশ্বর ইউনিয়নের এক হাজার ৭৮৮ জন দরিদ্র ও নিম্নআয়ের মানুষের জন্য ১৭ দশমিক ৮৮০ মেট্রিক টন চাল বরাদ্দ দেয় সরকার। অভিযোগ উঠেছে, সেই চাল থেকেই ৫০ কেজি ওজনের ৫০ বস্তা, অর্থাৎ মোট ২ দশমিক ৫ মেট্রিক টন চাল গোপনে সরিয়ে আত্মসাতের চেষ্টা করেন দুই ইউপি সদস্য।
স্থানীয়রা জানান, যাদের দায়িত্ব ছিল গরিব মানুষের অধিকার নিশ্চিত করা, তারাই উলটো সেই চাল লুকিয়ে আত্মসাতের পাঁয়তারা করছিলেন।
বিষয়টি জানাজানি হলে উপজেলার রাথুরা গ্রামের জাহানারা বেগমের বাড়িতে অভিযান চালায় প্রশাসন। সেখান থেকে সরকারি চাল জব্দ করা হয়।
বাড়ির মালিক জাহানারা বেগম জানান, অভিযুক্তরা তাকে বলেছিলেন, দুই দিন পর চালগুলো নিয়ে যাবেন।
ধামশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইদ্রিস আলী বলেন, সরকার নির্ধারিত নিয়ম অনুযায়ী চাল বিতরণ করা হয়েছে। তবে সরকারি বরাদ্দের চাল ক্রয়-বিক্রয় আইনত দণ্ডনীয় অপরাধ। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিচার হওয়া উচিত।
এ ঘটনায় দৌলতপুর থানায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
দৌলতপুর থানার ওসি স্বপন কুমার বলেন, দায়ের হওয়া মামলায় আসামিদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিয়ান নুরেন জানান, সরকারি চাল আত্মসাতের অভিযোগে অভিযুক্ত দুই ইউপি সদস্যকে আটক করে নিয়মিত মামলার পর আদালতে পাঠানো হয়েছে।
এসকে/টিকে