পাকিস্তানে ট্রেনে ভয়াবহ বোমা হামলার ঘটনায় জামায়াতের গভীর উদ্বেগ প্রকাশ
ছবি: সংগৃহীত
০১:৫৫ এএম | ২৫ মে, ২০২৬
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে একটি শাটল ট্রেনে ভয়াবহ বোমা হামলার ঘটনায় ২৪ জন নিহতসহ বহু মানুষ আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে ও সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।
রোববার (২৪ মে) রাতে এক বিবৃতিতে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন। বিবৃতিতে গোলাম পরওয়ার বলেন, পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বহনকারী একটি শাটল ট্রেনে আত্মঘাতী বোমা হামলা চালিয়ে ২৪ জনকে হত্যা করাসহ অসংখ্য মানুষকে হত্যার ঘটনা একটি বর্বরোচিত ও ন্যক্কারজনক ঘটনা। আমি বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এই সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
তিনি আরও বলেন, পাকিস্তানি নাগরিকদের ওপর সন্ত্রাসীরা বিভিন্ন সময় হামলা চালিয়ে প্রাণহানি ঘটাচ্ছে। এসব কর্মকাণ্ড দেশটির স্বাভাবিক অগ্রযাত্রাকে থামিয়ে দেওয়ার ষড়যন্ত্রের অংশ। দেশটির সরকার ও জনগণের এই মর্মান্তিক মুহূর্তে বাংলাদেশের জনগণ ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সমবেদনা জ্ঞাপন করছি। নিহতদের রুহের মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সহানুভূতি জানাচ্ছি।
গোলাম পরওয়ার আরও বলেন, পাকিস্তানের অগ্রযাত্রা ধরে রাখতে সব প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ হওয়া উচিত। জনগণ ও শান্তিকামী সব পক্ষকে সঙ্গে নিয়ে দেশটির সরকার সামনের দিকে এগিয়ে যাবে বলে প্রত্যাশা করে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
আরআই/টিকে