প্রিমিয়ার লিগ ২০২৫-২৬ মৌসুমনিশ্চিত হলো ইউরোপের মঞ্চে কারা খেলবে
ছবি: সংগৃহীত
০৩:১৬ এএম | ২৫ মে, ২০২৬
নাটকীয়তা আর উত্তেজনায় ভরা এক মৌসুম শেষে পর্দা নেমেছে ইংলিশ প্রিমিয়ার লিগের ২০২৫-২৬ আসরের। শেষ দিনের ম্যাচগুলোতে নির্ধারিত হয়েছে আগামী মৌসুমে ইউরোপিয়ান প্রতিযোগিতায় খেলার যোগ্যতা অর্জন করা দলগুলোর নাম। চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগ ও ইউরোপা কনফারেন্স লিগ-তিন আসরের টিকিট নিশ্চিত করতে শেষ পর্যন্ত জমে উঠেছিল লড়াই।
আগেই চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত করেছিল আর্সেনাল, ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড ও অ্যাস্টন ভিলা। শেষ দিনে সেই তালিকায় যোগ দেয় লিভারপুল। অ্যানফিল্ডে ব্রেন্টফোর্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করলেও প্রয়োজনীয় এক পয়েন্ট তুলে নেয় দলটি। ফলে আগামী মৌসুমেও ইউরোপ সেরার আসরে খেলতে দেখা যাবে অলরেডদের।

চ্যাম্পিয়ন্স লিগে জায়গা পাওয়ার খুব কাছাকাছি গিয়েও শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে বোর্নমাউথ। নটিংহ্যাম ফরেস্টের মাঠে ১-১ গোলে ড্র করায় শীর্ষ পাঁচে ওঠা হয়নি তাদের। তবে হতাশার মধ্যেও সান্ত্বনা হিসেবে ইউরোপা লিগের টিকিট নিশ্চিত করেছে দলটি।
বোর্নমাউথের সঙ্গে ইউরোপা লিগে খেলবে সান্ডারল্যান্ড। শেষ ম্যাচে ১০ জনের চেলসিকে ২-১ গোলে হারিয়ে দুর্দান্তভাবে মৌসুম শেষ করেছে তারা। স্টেডিয়াম অব লাইটে জয় তুলে নিয়ে ইউরোপের দ্বিতীয় সারির প্রতিযোগিতায় নিজেদের জায়গা নিশ্চিত করে সান্ডারল্যান্ড।
অন্যদিকে, কনফারেন্স লিগে জায়গা পেয়েছে ব্রাইটন। যদিও শেষ ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে ৩-০ গোলে বিধ্বস্ত হয়েছে দলটি, তবু লিগে আগের অর্জন তাদের ইউরোপের টিকিট এনে দিয়েছে। এদিকে আগামী মৌসুমে ইউরোপের কোনো প্রতিযোগিতায় খেলা হচ্ছে না চেলসি, নিউক্যাসল ও টটেনহ্যামের মতো দলগুলোর।
আরআই/টিকে