পেকুয়াকে পৌরসভা ঘোষণা, স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ
ছবি: সংগৃহীত
০৩:৩৫ এএম | ২৫ মে, ২০২৬
কক্সবাজারের পেকুয়া উপজেলার পেকুয়া সদর ইউনিয়নকে পৌরসভা হিসেবে ঘোষণা করায় এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। পেকুয়া শহিদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ মাঠ থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি পেকুয়া বাজারের পশ্চিম প্রান্তে গিয়ে শেষ হয়।
রোববার (২৪ মে) দুপুর থেকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোভাযাত্রায় আসতে শুরু করেন। বিকেলে শোভাযাত্রা শুরু হলে কয়েক কিলোমিটারজুড়ে ছিল মানুষের উপস্থিতি। কারও হাতে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ফেস্টুন, আবার কারও হাতে স্বরাষ্ট্রমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে প্লাকার্ড।
শোভাযাত্রায় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন পেকুয়া প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক ছফওয়ানুল করিম।
এসময় ছফওয়ানুল করিম বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছেন। তারই প্রমাণ পেকুয়াকে পৌরসভা এবং মাতামুহুরীকে উপজেলা ঘোষণা।
তিনি আরও বলেন, ‘সালাহউদ্দিন আহমদ কথা দিলে কথা রাখেন সেটা সবসময় প্রমাণিত। এই পৌরসভা গঠনের মধ্য দিয়ে পেকুয়ার মানুষের জীবনমানের পরিবর্তন হবে।’
তিনি পেকুয়াকে পৌরসভায় উন্নীত করায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের প্রতি কৃতজ্ঞতা জানান। আলোচনা সভায় বিএনপি নেতা ইউসুফ রুবেলসহ আরও অনেকে বক্তব্য রাখেন।
সম্প্রতি পেকুয়া সদর ইউনিয়নকে পেকুয়া পৌরসভা হিসেবে ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।
এসকে/টিএ