মানবতাবিরোধী অপরাধগুম-খুনের দেড় শ মামলার তদন্ত শুরু হয়েছে: চিফ প্রসিকিউটর
ছবি: সংগৃহীত
০৫:২৩ এএম | ২৫ মে, ২০২৬
অগ্রাধিকার ভিত্তিতে গুম-খুন, ক্রসফায়ারসহ মানবতাবিরোধী অপরাধের ১৫০ মামলার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বলেছেন, ‘ট্রাইব্যুনালে বর্তমানে ২২টি মামলার বিচার চলছে। রায়ের জন্য অপেক্ষমাণ আছে দুটি মামলা। আশা করি ঈদের পরই এসব মামলার রায় হয়ে যাবে। ৩১টি মামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে। এ ছাড়া অগ্রাধিকার ভিত্তিতে আমরা গুম-খুন এবং ক্রসফায়ারের ১৫০টি মামলার তদন্ত হাতে নিয়েছি। এরই মধ্যে এসব কাজ শুরু হয়েছে।’
গতকাল রবিবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নে এসব তথ্য দেন চিফ প্রসিকিউটর। তিনি বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের সময় নরসিংদী, যাত্রাবাড়ী, মোহাম্মদপুর, রাজশাহীসহ দেশের যেসব স্থানে সবচেয়ে বেশি হত্যাযজ্ঞের ঘটনা ঘটেছে, সেসব মামলার তদন্তে আমরা বিশেষ গুরুত্ব দিচ্ছি। এ ক্ষেত্রে আমরা তদন্ত কর্মকর্তাদের সঙ্গে আমাদের প্রসিকিউশন টিমকে অন্তর্ভুক্ত করে বিশেষ তদন্তের ব্যবস্থা করেছি। আশা করি খুব দ্রুতই এসব মামলার প্রতিবেদন দিয়ে বিচারের পর্যায়ে নিতে যেতে পারব।’
মো. তাজুল ইসলামকে সরিয়ে গত ২৩ ফেব্রুয়ারি আমিনুল ইসলামকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর নিয়োগ দেওয়া হয়। দায়িত্ব নেওয়ার পর প্রতিবেদন দাখিল করা হয়েছিল এমন সাতটি মামলা পুনঃতদন্তের জন্য পাঠানো হয় জানিয়ে আমিনুল বলেন, ‘আমাকে জানানো হয়েছে সাতটি মামলার পুনঃতদন্ত সম্পন্ন হয়েছে। ঈদের ছুটির পরপরই সাতটি মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে। প্রতিবেদন দাখিল হওয়া সাপেক্ষে আমরা (প্রসিকিউশন) ট্রাইব্যুনালে ফরমাল চার্জ (আনুষ্ঠানিক অভিযোগ) দাখিল করে দেব।’
এসকে/টিএ