স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি প্রতিনিধিদলের প্রধানের সাক্ষাৎ
ছবি: সংগৃহীত
০৫:২৯ এএম | ২৫ মে, ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেডক্রস (আইসিআরসি) বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধান নিকোলাস ফ্লাউরি। গতকাল রবিবার দুপুরে সচিবালয়ে মন্ত্রীর অফিসকক্ষে এ সাক্ষাৎ হয়।
সাক্ষাৎকালে কারাবন্দিদের স্বাস্থ্য ও চিকিৎসা সুবিধা নিশ্চিতকরণ, জেল কোড যুগোপযোগীকরণ, পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে ফার্স্ট এইড ও মানবাধিকারবিষয়ক প্রশিক্ষণ এবং রোহিঙ্গা সংকটসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী আইসিআরসি বাংলাদেশ ডেলিগেশনের প্রধানকে স্বাগত জানান। আইসিআরসি প্রতিনিধিদলের প্রধানও মন্ত্রীকে নতুন পোর্টফোলিওতে দায়িত্ব গ্রহণের জন্য আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধান জানান, বাংলাদেশের বিদ্যমান জেল কোড যুগোপযোগী করার লক্ষ্যে তাঁরা প্রয়োজনীয় সুপারিশ পাঠিয়েছেন।
এ ছাড়া কারাগারের অভ্যন্তরে স্বাস্থ্য সুবিধা বৃদ্ধি করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ে একটি প্রস্তাব পাঠানো হয়েছে। এ সময় মন্ত্রী বলেন, কারাগারে বন্দিদের উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ হাসপাতালে পাঠানো হয়। এ ছাড়া কারাগারের অভ্যন্তরীণ মেডিক্যাল ইউনিটের মাধ্যমে প্রাথমিক চিকিৎসাসেবা নিশ্চিত করা হচ্ছে।
পুলিশ ও কারা পুলিশের দক্ষতা বৃদ্ধিতে আইসিআরসির বিভিন্ন প্রশিক্ষণ প্রস্তাবের প্রশংসা করে মন্ত্রী বলেন, এ ধরনের আয়োজন পেশাদারি বাড়াতে সহায়ক হবে।
নিকোলাস ফ্লাউরি জানান, তাঁরা পুলিশের জন্য ফার্স্ট এইড ও মানবাধিকার এবং পুলিশ ও কারাগারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জন্য উচ্চতর প্রশিক্ষণ আয়োজনে আগ্রহী। মন্ত্রী এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন এবং আন্তর্জাতিকমানের দক্ষ প্রশিক্ষক প্রেরণের জন্য আইসিআরসিকে অনুরোধ জানান।
আরআই/টিকে