প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগে কোমো, বাদ পড়ল মিলান
ছবি: সংগৃহীত
০৯:২০ এএম | ২৫ মে, ২০২৬
সিরি আ-র চলতি মৌসুমের অবিশ্বাস্য সমাপ্তি ঘটল। সেস ফেব্রিগাসের কোমো আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে জায়গা নিশ্চিত করল। এসি মিলান শীর্ষ চারে জায়গা করে নিতে না পারায় খেলতে হবে ইউরোপা লিগে।
উত্তর ইতালির একই নামের লেকের কাছে অবস্থিত কোমো। ২০১৯ সালে ইন্দোনেশিয়ান তামাক কোম্পানির শিল্পপতি ভাই রবার্ট বুডি হার্টোনো ও মাইকেল বামবাং হার্টোনো র মালিকানায় যাওয়ার পর থেকে দ্রুত উন্নতি করছে কোমো। ওই সময় তারা সিরি ডি-তে খেলছিল। গতকাল ক্রেমোনেসেকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে চতুর্থ স্থানে থেকে ইউরোপের শীর্ষ মঞ্চে খেলার টিকিট কাটল দলটি।

চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেওয়ায় ক্লাবটিতে ফেব্রিগাসের থেকে যাওয়া নিশ্চিতই বলা চলে। যদিও ৩৯ বছর বয়সীকে নিতে ইউরোপের বড় বড় ক্লাবের আগ্রহের কথা শোনা গেছে। ক্লাবের ১১৯ বছরের ইতিহাসে কখনো ইউরোপিয়ান প্রতিযোগিতায় খেলা হয়নি কোমোর, সেই দলকে প্রথমবার সিনিয়র কোচের দায়িত্ব নিয়ে চ্যাম্পিয়ন্স লিগে তুললেন সাবেক স্প্যানিশ তারকা।
গতকাল আগের ম্যাচে নাপোলি ১-০ গোলে ১০ জনের উদিনেসেকে হারিয়ে রানার্সআপ হয়েছে। ২৪তম মিনিটে কেভিন ডি ব্রুইনার পাস ধরে লিগের ১২তম গোল করে দলকে জেতান রাসমুস হয়লুন্দ।
চ্যাম্পিয়ন্স লিগে খেলা নিশ্চিত করতে কাগলিয়ারির বিপক্ষে জয় দরকার ছিল ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রির দলের। কিন্তু মিলানে তারা ২-১ গোলে হেরেছে। লিগ পঞ্চম স্থানে থেকে শেষ করায় ইউরোপের দ্বিতীয় স্তরের প্রতিযোগিতায় খেলতে হবে মিলানকে।
চ্যাম্পিয়ন ইন্টার মিলান, নাপোলি ও কোমোর সঙ্গে রোমা তৃতীয় স্থানে থেকে চ্যাম্পিয়ন্স লিগে খেলা নিশ্চিত করেছে। মিলানের সঙ্গে জুভেন্টাসকেও খেলতে হচ্ছে ইউরোপা লিগে। তুরিনোর সঙ্গে ২-২ গোলে ড্র করেছে।
এমআর/টিএ