বিদায় বেলায় বের্নাবেউয়ের প্রতি কৃতজ্ঞ আলাবা
ছবি: সংগৃহীত
১০:৩৪ এএম | ২৫ মে, ২০২৬
পাঁচ বছরে সাফল্য, ব্যর্থতা, চোটের সঙ্গে লড়াইয়ে পাশে থাকায় রেয়াল মাদ্রিদের সবাইকে কৃতজ্ঞতা জানালেন অস্ট্রিয়ান ডিফেন্ডার।
বুকভরা ভালোবাসা নিয়ে সান্তিয়াগো বের্নাবেউ ছাড়ছেন ডাভিড আলাবা। পাঁচ বছরে সাফল্য, ব্যর্থতা ও চোটের সঙ্গে লড়াইয়ে পাশে থাকায় রেয়াল মাদ্রিদের সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন অস্ট্রিয়ান ডিফেন্ডার।
লা লিগায় আথলেতিক বিলবাওকে ৪-২ গোলে হারিয়ে মৌসুমের ইতি টেনেছে রেয়াল। সান্তিয়াগো বের্নাবেউয়ে এদিন শুরু থেকে ৭০ মিনিট পর্যন্ত খেলেন আলাবা। পরে তাকে তুলে দেন বিদায়ী কোচ আলভারো আরবেলোয়া।
ডাগআউটে সে সময় অপেক্ষা করছিলেন আলাবার পরিবারের সদস্যরা। মাঠে সতীর্থরা হাত মেলাচ্ছিলেন, আলিঙ্গনে বাঁধছিলেন আলাবাকে। পুরোটা সময় করতালি দিয়ে যাচ্ছিলেন দর্শকরা। স্পষ্টতই আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন অভিজ্ঞ ডিফেন্ডার।
ক্লাবের হয়ে নিজের শেষ ম্যাচ খেলার পর রেয়াল মাদ্রিদ টিভিতে নিজের অনুভূতি জানান আলাবা।

“আমি খুবই কৃতজ্ঞ। কেবল এই সময়টার জন্য নয়, গত পাঁচ বছরের জন্য। এখানে আমি অনেক সাফল্য পেয়েছি, খেলোয়াড় ও ব্যক্তি হিসেবে বেড়ে উঠেছি।”
“এমনকি চোটের সময়ও এই ক্লাব সবসময় আমার পাশে ছিল এবং সাহায্য করেছে। এটা আমি হৃদয় দিয়ে অনুভব করেছি এবং আমি খুবই কৃতজ্ঞ। দলের সবাইকে ধন্যবাদ, খেলোয়াড়, স্টাফ, কোচ, প্রেসিডেন্ট এবং ভক্ত- সবার প্রতি কৃতজ্ঞ। অনুভূতি প্রকাশের ভাষা আমার নেই।”
আলাবা মাঠ ছাড়ার সময় গ্যালারিতে দর্শকদের কেউ কেউ প্লাস্টিকের চেয়ার মাথায় নিয়ে উদযাপন করছিলেন। ২০২২ সালের মার্চে পিএসজির বিপক্ষে রেয়ালের অবিশ্বাস্য ঘুরে দাঁড়ানোর দিনে বের্নাবেউয়ে একটি প্লাস্টিকের চেয়ার মাথায় নিয়ে উদযাপন করেছিলেন আলাবা। ভক্তদের মনের গভীরে জায়গা করে নিয়েছে সেটি। বিদায় বেলায় সেই উদযাপনের পুনরাবৃত্তি করেন ৩৩ বছর বয়সী ডিফেন্ডার নিজেও।
“বিশেষ একটা মুহূর্ত উদযাপন করতে চেয়ার তুলেছিলাম। এই চেয়ারগুলো দেখে সেই বিশেষ মুহূর্তের কথা মনে পড়েছে। এর জন্য আমি কৃতজ্ঞ।”
বায়ার্ন মিউনিখে চুক্তি নবায়ন না করে রেয়ালে যোগ দিয়েছিলেন আলাবা। নতুন গন্তব্য এখনও ঠিক হয়নি। আপাতত অস্ট্রিয়ার হয়ে বিশ্বকাপে খেলবেন তিনি। এরপর হয়তো খুঁজে নেবেন নতুন চ্যালেঞ্জ। তবে বের্নাবেউ সবসময়ই থাকবে তার হৃদয়ে।
“এটা বিশেষ একটা ক্লাব, বিশ্বের সেরা। এখানে পাঁচ বছর আমি উপভোগ করেছি। রেয়াল মাদ্রিদ ও ভক্তরা সবসময়ই আমার হৃদয়ে থাকবে। এটা আমার জীবনের বিশেষ এক অংশ। আমি খুবই কৃতজ্ঞ, সবাইকে ধন্যবাদ।”
“আমি পাঁচ বছর খুব উপভোগ করেছি আপনাদের (ভক্তদের) জন্য। আপনাদের ভালোবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ। একসঙ্গে আমরা খুব সফল ছিলাম। হাঁটুর চোটের কঠিন সময়েও আপনারা আমার পাশে ছিলেন। সবকিছুর জন্য আপনাদের ধন্যবাদ।”
আইকে/টিএ