মেসির চোট নিয়ে আর্জেন্টিনা থেকে কী খবর এলো?
ছবি: সংগৃহীত
১২:০২ পিএম | ২৫ মে, ২০২৬
কোনো সন্দেহ নেই যে, বিশ্বকাপের আগে শেষ মেজর লিগ সকার ম্যাচে বিষণ্ন চেহারায় লিওনেল মেসির আগেভাগে মাঠ ছাড়া দেখে শঙ্কায় পড়ে গিয়েছিলেন আর্জেন্টাইন সমর্থকরা। ৩৮ বছর বয়সী ফরোয়ার্ড ঊরুর পেছনের অংশ ধরে মাঠ ছাড়েন। দিয়ারিও এএস-এর প্রতিবেদন বলছে, ইনজুরির সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাকে মাঠ থেকে তুলে নেওয়া হয়েছে।
ম্যাচের ২০ মিনিট বাকি থাকতে মেসি ঊরুর অস্বস্তিবোধের কারণে মাঠ থেকে তাকে তুলে নেওয়ার ইশারা দেন। সত্যিকারের সমস্যা না হলে তিনি বাকি সময়ও খেলতেন। ওই সময় স্কোর ৪-৪ গোলে সমতায় ছিল। পরে লুইস সুয়ারেজ ও রদ্রিগো ডি পল শেষ ১০ মিনিটে গোল করে জয় নিশ্চিত করেন। কিন্তু ১০ গোলের থ্রিলার ছাপিয়ে মেসির সম্ভাব্য ইনজুরিই আলোচনায়।
তবে আর্জেন্টিনা থেকে আসা প্রথম খবর মেসি ও আলবিসেলেস্তের জন্য ইতিবাচক। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস-এর সাংবাদিক গাস্তন ইদুল এক পোস্টে জানিয়েছেন, হ্যামস্ট্রিংয়ে টান অনুভব করার কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মাঠ ছাড়েন তিনি।
এক্স-এ এদুলের পোস্ট, ‘লিওনেল মেসি তার হ্যামস্ট্রিংয়ে টান অনুভব করার কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বদলির অনুরোধ করেন। তার পেশির কোনও ইনজুরি নেই। সে ওই জায়গার ওপর চাপ দিতে চাননি কিংবা ঝুঁকি নিতে চাননি।’
৭০তম মিনিটে ফ্রি কিক নেওয়ার পর মায়ামি অধিনায়ককে বাঁ ঊরুর উপরের অংশে হাত দিতে দেখা যায়। সঙ্গে সঙ্গে তিনি খেলোয়াড় পরিবর্তনের অনুরোধ করেন এবং মাতেও সিলভেত্তির বদলি হন।
অবশ্য কারো সহায়তা ছাড়াই মাঠ ছাড়েন মেসি। নিজেই চলে যান লকার রুমে। ম্যাচের পর হোয়োস বলেন, মেসির যে চোটে পড়েছেন, সেটা এখনই বলা যাবে না। মাঠের অবস্থার কারণে পূর্বসতর্কতা হিসেবে আর্জেন্টাইনকে মাঠ থেকে তুলে নেওয়া হয়েছে।
মেসির শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে মায়ামি কোচও একই কথা বলেছেন, ‘আমি যতদূর জানি, আমরা এখনও (মেডিক্যাল) রিপোর্ট পাইনি। কিন্তু আমরা শিগগিরই পেয়ে যাব। আসলে সে ক্লান্তিতে ভুগছে, এটা অবশ্যই ক্লান্তি। সে ক্লান্ত ছিল। মাঠ ছিল ভারী এবং সন্দেহ যখন ওঠে, তখন কোনো ঝুঁকি না নেওয়াই সাধারণ পন্থা।’
আপাতত মেসিকে নিয়ে যে খবর মিলল, তাতে আর্জেন্টাইন ভক্ত-সমর্থকরা স্বস্তির নিশ্বাস ফেলতে পারেন।
টিজে/টিকে