আন্তর্জাতিক টি-টোয়েন্টি১৬৪ রানের ঝড়ো ইনিংসে বিশ্বরেকর্ড গড়লেন হামজা
ছবি: সংগৃহীত
০২:৪৬ পিএম | ২৫ মে, ২০২৬
ইতিহাস গড়লেন রুয়ান্ডার হামজা খান। পুরুষদের টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ রানের ইনিংস খেললেন তিনি।
রোববার (২৩ মে) আফ্রিকা সাব-রিজিওনাল বিশ্বকাপ বাছাইয়ে আইভরি কোস্টের বিপক্ষে ১৬৪ রানের অপরাজিত এক বিধ্বংসী ইনিংস খেলেছেন তিনি। রুয়ান্ডার হয়ে এটা সর্বোচ্চ রানের ইনিংস। মাত্র ৬৫ বলের ইনিংসটিতে ছিল ৯টি চার ও ১৫টি ছক্কা। স্ট্রাইক রেট ছিল ২৫২.৩০। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এক ইনিংসে ১৫ ছক্কা যৌথভাবে চতুর্থ সর্বোচ্চ।
পেশোয়ারে জন্ম নেওয়া হামজার ওপরে আছেন শুধু অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ। ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ১৭২ রান করেছিলেন ফিঞ্চ। হামজা ছাড়িয়ে গেছেন আফগানিস্তানের হজরতউল্লাহ জাজাইয়ের ১৬২ রানের ইনিংসকে। জাজাই ২০১৯ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে অপরাজিত ওই ইনিংস খেলেছিলেন।
হামজার ঝোড়ো ইনিংসে ভর করে ২ উইকেটে ২৮৮ রান তোলে রুয়ান্ডা। এটি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সপ্তম সর্বোচ্চ দলীয় সংগ্রহ। বিশাল সংগ্রহ তাড়া করতে নেমে মাত্র ১৭ রানে গুটিয়ে যায় আইভরি কোস্ট। টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে এটি যৌথভাবে পঞ্চম সর্বনিম্ন দলীয় স্কোর।
ফলে ২৭১ রানের বিশাল জয় পায় রুয়ান্ডা, যা টি–টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ ব্যবধানে জয়। হামজা এর আগে ক্যামেরুনের বিপক্ষে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে অপরাজিত ৬০ রান করেছিলেন।
আইকে/টিএ