‘সি’ গ্রুপে ব্রাজিলের কঠিন পরীক্ষা, আবারও চমকে দিতে পারে মরক্কো
ছবি: সংগৃহীত
০৪:৪৪ পিএম | ২৫ মে, ২০২৬
২০২৬ ফিফা বিশ্বকাপের সি গ্রুপকে ঘিরে ইতোমধ্যেই জমে উঠেছে আলোচনা। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের সঙ্গে একই গ্রুপে রয়েছে মরক্কো, স্কটল্যান্ড ও হাইতি। মরক্কোকে ধরা হচ্ছে গ্রুপের অন্যতম শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে, কারণ সাম্প্রতিক বছরগুলোতে তারা বড় দলগুলোর জন্য নিয়মিত হুমকি হয়ে উঠেছে। অন্যদিকে দীর্ঘ বিরতির পর বিশ্বকাপে ফিরেছে স্কটল্যান্ড, আর হাইতি খেলবে তাদের ইতিহাসের মাত্র দ্বিতীয় বিশ্বকাপ।
এবারের ব্রাজিল দলকে নেতৃত্ব দিচ্ছেন ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি। ক্লাব ফুটবলে অসাধারণ সফল হলেও জাতীয় দলের দায়িত্বে এটাই তার প্রথম বড় পরীক্ষা। ২০২৬ বিশ্বকাপে ব্রাজিলকে শিরোপা জেতানোর লক্ষ্য নিয়ে তিনি দলে এনেছেন বেশ কিছু পরিবর্তন। সবচেয়ে বড় খবর, দীর্ঘ দুই বছরের বেশি সময় পর আবারও ব্রাজিল দলে ফিরেছেন নেইমার। বর্তমানে ৩৪ বছর বয়সী এই তারকা সম্প্রতি সান্তোসের হয়ে নিয়মিত খেলছেন এবং আনচেলত্তির মতে, তিনি এখন পুরোপুরি ফিট ও দলের গুরুত্বপূর্ণ অংশ।
তবে নেইমারের প্রত্যাবর্তনের মাঝেই চমক হয়ে এসেছে জোয়াও পেদ্রোর বাদ পড়া। চেলসির হয়ে দারুণ মৌসুম কাটিয়ে ৪৬ ম্যাচে ২০ গোল করা সত্ত্বেও চূড়ান্ত দলে জায়গা পাননি তিনি। মজার ব্যাপার হলো, কয়েক সপ্তাহ আগেই জোয়াও পেদ্রো নিজেই বলেছিলেন, ব্রাজিলের জন্য নেইমার মেসির মতো গুরুত্বপূর্ণ এবং তার বিশ্বকাপে থাকা উচিত। শেষ পর্যন্ত নেইমার দলে ফিরলেও বাদ পড়েছেন পেদ্রো। এছাড়া চোটের কারণে রদ্রিগো ও এস্তেভাও আগেই ছিটকে গেছেন, আর অভিজ্ঞ ডিফেন্ডার থিয়াগো সিলভাকেও রাখা হয়নি চূড়ান্ত স্কোয়াডে।
এবি/টিএ