পিটারসেন শো২৫ বলেই বৈভব সূর্যবংশীর সেঞ্চুরি!
ছবি: সংগৃহীত
০৪:৫৪ পিএম | ২৫ মে, ২০২৬
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) চলাকালেই মাঠের বাইরের এক বিস্ফোরক পারফরম্যান্সে ক্রিকেট বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন রাজস্থান রয়্যালসের বৈভব সূর্যবংশী। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক কেভিন পিটারসেনের জনপ্রিয় ইউটিউব শো ‘দ্য সুইচ’-এ হাজির হয়ে মাত্র ২৫ বলে সেঞ্চুরি করেছেন এই তরুণ তুর্কি।
শুটিং চলাকালে কেভিন পিটারসেন এই তরুণ ব্যাটারকে ৫০ বলে ১০০ রান করার একটি চ্যালেঞ্জ ছুড়ে দেন। কিন্তু সবাইকে অবাক করে মাঠের চারপাশে ছক্কার বৃষ্টি নামিয়ে মাত্র ২৫ বলেই শতক পূর্ণ করেন সূর্যবংশী।
তবে পিটারসনের শো-তে এটিই দ্রুততম সেঞ্চুরির রেকর্ড নয়। এর আগে এই শো-তে অংশ নিয়ে পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়াস আইয়ার মাত্র ২২ বলে সেঞ্চুরি করেছিলেন। ফলে মাত্র ৩ বলের ব্যবধানে শ্রেয়াসের রেকর্ড ভাঙা হয়নি সূর্যবংশীর। তালিকায় ২৮ বলে সেঞ্চুরি করে তৃতীয় স্থানে আছেন ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান এবং ৩০ বলে সেঞ্চুরি করে চতুর্থ স্থানে আছেন এবি ডি ভিলিয়ার্স।
টি-টোয়েন্টি ক্রিকেটে এখন পর্যন্ত সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ডটি ইউনিভার্স বস ক্রিস গেইলের দখলে, যিনি ২০১৩ আইপিএলে আরসিবির হয়ে ১৭৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন।
পিটারসেন যখন গেইলের ১৭৫ রানের কথা মনে করিয়ে দেন, তখন আত্মবিশ্বাসী সূর্যবংশী উত্তর দেন, ‘হ্যাঁ, আমি গেইলের ওই রেকর্ডটি ভেঙে টি-টোয়েন্টিতে ২০০ রান করতে চাই। কোনো ম্যাচে যদি আমি পুরো ২০ ওভার ব্যাটিং করার সুযোগ পাই, তবে আমি নিশ্চিতভাবেই গেইলের রেকর্ড ভেঙে প্রথম ডাবল সেঞ্চুরিয়ান হব।’
এমআই/টিএ