২ ফরম্যাটে নতুন অধিনায়কের নাম ঘোষণা করল শ্রীলঙ্কা
ছবি: সংগৃহীত
০১:০৮ এএম | ২৬ মে, ২০২৬
সাদা বলের ক্রিকেটের জন্য নতুন অধিনায়কের নাম ঘোষণা করল শ্রীলঙ্কা ন্যাশনাল ক্রিকেট টিম। সোমবার (২৫ মে) ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন ফরম্যাটের সিরিজের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। এই সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব পেয়েছেন কুশল মেন্ডিস।
এর আগে ১৭টি ওয়ানডেতে শ্রীলঙ্কাকে নেতৃত্ব দিয়েছিলেন মেন্ডিস। তিনি ওয়ানডেতে চারিথ আশালাঙ্কা এবং টি-টোয়েন্টিতে দাসুন শানাকার স্থয়াভিষিক্ত হলেন।
চোট কাটিয়ে দলে ফিরেছেন অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা। বাঁ হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে তিনি চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ ও চলমান আইপিএল মিস করেছেন। তাকে ওয়ানডে ও টি-টোয়েন্টির স্কোয়াডে রাখা হয়েছে।
চলমান আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে সর্বোচ্চ উইকেটশিকারি ইশান মালিঙ্গা জাতীয় দলে ফেরার পথে রয়েছেন। কাঁধের চোটের কারণে তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পারেননি। তাকেও সাদা বলের দুই স্কোয়াডে রাখা হয়েছে।
পেসার দুষ্মন্ত চামিরা জানুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কার সর্বশেষ ওয়ানডে সিরিজ মিস করেছিলেন। আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে সংক্ষিপ্ত উপস্থিতির পর এবার তিনি ওয়ানডে দলে ফিরেছেন।
এদিকে, টেস্ট দলে ফেরানো হয়েছে উইকেটকিপার ব্যাটার নিশান মাদুশকাকে। সর্বশেষ তিনি ২০২৪ সালে ইংল্যান্ড সফরে টেস্ট খেলেছিলেন। এছাড়া অলরাউন্ডার রমেশ মেন্ডিসও ফিরেছেন। তিনি ২০২৫ এর ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলার পর থেকেই জাতীয় দলের বাইরে ছিলেন। অভিজ্ঞ পেসার লাহিরু কুমারা ইনজুরির কারণে বাংলাদেশের বিপক্ষে শেষ টেস্ট সিরিজ মিস করেছিলেন, তিনিও এবার দলে ফিরেছেন।
টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন ওপেনার লাসিথ ক্রসপুল্লে। ২০২৩ সালের অক্টোবরে তিনি দেশের হয়ে একমাত্র ম্যাচ খেলেছিলেন। এছাড়া পেসার বিনুরা ফার্নান্দো ও নুয়ান থুসারাকেও টি-টোয়েন্টি স্কোয়াডে রাখা হয়েছে।

ওয়েস্ট ইন্ডিজ সফরে শ্রীলঙ্কা ৩ থেকে ৮ জুন পর্যন্ত তিনটি ওয়ানডে খেলবে। এরপর ১২, ১৪ ও ১৫ জুন অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সফর শেষ হবে ২৫ জুন শুরু হওয়া দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে।
শ্রীলঙ্কা দল মঙ্গলবার (২৬ মে) ক্যারিবীয় অঞ্চলের উদ্দেশে রওনা দেবে।
টেস্ট স্কোয়াড: পাতুম নিশঙ্কা, লাহিরু উদারা, নিশান মাদুশকা, দীনেশ চান্দিমাল, পাসিন্দু সুরিয়াবান্দারা, কামিন্দু মেন্ডিস (সহ-অধিনায়ক), সনাল দিনুশা, কুশল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), মিলান রত্নায়েকে, প্রবাথ জয়াসুরিয়া, রমেশ মেন্ডিস, আশিথা ফার্নান্দো, বিশ্ব ফার্নান্দো, লাহিরু কুমারা, ইশিথা বিজেসুন্দারা ও কাশুন রাজিথা।
ওয়ানডে স্কোয়াড: পাতুম নিশঙ্কা, কামিল মিশারা, পবন রত্নায়েকে, কুশল মেন্ডিস (অধিনায়ক), জানিথ লিয়ানাগে, চারিথ আসালাঙ্কা, কামিন্দু মেন্ডিস (সহ-অধিনায়ক), মিলান রত্নায়েকে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিশ ভাল্লালাগে, মহেশ থিকসানা, দুষ্মন্ত চামিরা, দিলশান মাদুশাঙ্কা, ইশান মালিঙ্গা, আশিথা ফার্নান্দো ও প্রমোদ মাদুশান।
টি-টোয়েন্টি স্কোয়াড: পাতুম নিশঙ্কা, কামিল মিশারা, লাসিথ ক্রসপুল্লে, পবন রত্নায়েকে, কুশল মেন্ডিস (অধিনায়ক), কামিন্দু মেন্ডিস (সহ-অধিনায়ক), দাসুন শানাকা, মিলান রত্নায়েকে, দুনিথ ভাল্লালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহেশ থিকসানা, দুষ্মন্ত চামিরা, দিলশান মাদুশাঙ্কা, ইশান মালিঙ্গা, বিনুরা ফার্নান্দো ও নুয়ান থুসারা।
এসকে/টিকে