শাকিরার নতুন গানে ফিরে এলো পিকের ‘দুঃস্বপ্নের’ মুহূর্ত!
ছবি: সংগৃহীত
০২:২৬ এএম | ২৬ মে, ২০২৬
ফিফা বিশ্বকাপ মানেই শুধু ফুটবল নয়, সংগীত আর বৈশ্বিক উন্মাদনারও এক বিশাল মঞ্চ! সেই মঞ্চেই আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা। জুনে শুরু হতে যাওয়া বিশ্বকাপকে সামনে রেখে প্রকাশিত তার নতুন থিম সং ‘ডাই ডাই’ ইতোমধ্যেই বিশ্বজুড়ে সাড়া ফেলেছে। তবে গানটির জনপ্রিয়তার পাশাপাশি নতুন করে আলোচনায় এসেছে শাকিরার ব্যক্তিগত জীবন, বিশেষ করে সাবেক স্বামী ফুটবলার জেরার্ড পিকেকে ঘিরে পুরোনো সম্পর্কের টানাপোড়েন!
গানটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নতুন জল্পনা। অনেকের দাবি, শাকিরা নাকি ইচ্ছাকৃতভাবেই এমন কিছু দৃশ্য বেছে নিয়েছেন, যা পিকের জন্য অস্বস্তিকর স্মৃতি হয়ে আছে। বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে ২০১৮ রাশিয়া বিশ্বকাপে ক্রিশ্চিয়ানো রোনালদোর সেই বিখ্যাত ফ্রি-কিকের মুহূর্ত। স্পেনের বিপক্ষে ম্যাচে বক্সের বাইরে ফাউল করেছিলেন পিকে, আর সেই সুযোগ থেকেই রোনালদোর দুর্দান্ত গোল ম্যাচটিকে ৩-৩ সমতায় শেষ করেছিল। ফুটবল ইতিহাসের বহুল আলোচিত সেই দৃশ্যই নতুন মিউজিক ভিডিওতে জায়গা পাওয়ায় নেটিজেনদের ধারণা, এটি নিছক কাকতালীয় নয়!

শাকিরা ও পিকের সম্পর্ক ভাঙনের ঘটনাও এখনও ভোলেনি ভক্তরা। প্রায় ১২ বছরের সম্পর্ক ২০২২ সালে শেষ হয় পিকের কথিত বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগের পর। এরপর থেকেই দুজনকে ঘিরে প্রতিটি ঘটনা যেন আলাদা আগ্রহ তৈরি করে। বর্তমানে পিকে তার নতুন সঙ্গী ক্লারা চিয়ার সঙ্গে সময় কাটাচ্ছেন। সম্প্রতি বার্সেলোনায় সংগীতশিল্পী ব্যাড বানির কনসার্টে তাদের একসঙ্গে দেখা গেছে। আর ঠিক তার কয়েক ঘণ্টা আগেই শাকিরা নাইজেরিয়ান শিল্পী বুর্না বয়কে সঙ্গে নিয়ে প্রকাশ করেন বিশ্বকাপের অফিশিয়াল গান।
তবে আলোচনার বড় অংশজুড়ে রয়েছে আরেকটি প্রতীকী লড়াই। ‘ডাই ডাই’ গানের মাধ্যমে শাকিরা এখন চারটি বিশ্বকাপের অফিশিয়াল সংগীতের সঙ্গে যুক্ত হওয়ার কৃতিত্ব অর্জন করেছেন। এর আগে ২০০৬, ২০১০ ও ২০১৪ বিশ্বকাপেও তার গান বিশ্বজুড়ে জনপ্রিয় হয়েছিল। অন্যদিকে, খেলোয়াড় হিসেবে পিকে অংশ নিয়েছেন মাত্র তিনটি বিশ্বকাপে। এই পরিসংখ্যান নিয়েই এখন নেটদুনিয়ায় চলছে ব্যঙ্গ-বিদ্রূপ আর তুলনার ঝড়!
যদিও সামাজিক যোগাযোগমাধ্যমে শাকিরা-পিকে দ্বন্দ্ব নিয়ে নতুন করে উত্তাপ ছড়িয়েছে, তাতে পিকের খুব একটা ভ্রুক্ষেপ নেই বলেই মনে হচ্ছে। সাবেক বার্সেলোনা ডিফেন্ডার এখন ব্যক্তিগত জীবন নিয়েই বেশি ব্যস্ত। আর শাকিরা? তিনি যেন আবারও প্রমাণ করলেন, ফুটবল বিশ্বকাপের মঞ্চে সংগীতের রাজত্বে তার প্রভাব এখনও অটুট!
এসকে/টিএ