রোনালদোদের কোচ হিসেবে গার্দিওলাকে আনতে নজিরবিহীন প্রস্তাবের প্রস্তুতি নিচ্ছে আল নাসর
ছবি: সংগৃহীত
০৪:২৬ এএম | ২৬ মে, ২০২৬
ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি অধ্যায় শেষ করেছেন মাত্রই, এরই মধ্যে তাকে নিয়ে বড় পরিকল্পনা তৈরি করে ফেলেছে আল নাসর। রোনালদোর কোচ হিসেবে পেপ গার্দিওলাকে পেতে সবকিছুই উজাড় করে দেবে সৌদি প্রো লিগের ক্লাবটি, বিশাল অঙ্কের অফারের প্রস্তুতিও নিচ্ছে আল নাসর কর্তৃপক্ষ।
রোববার (২৪ মে) ম্যানচেস্টার সিটির ডাগআউটে শেষবারের মতো দাঁড়িয়েছিলেন পেপ গার্দিওলা। ইতিহাদে দীর্ঘ এক দশকের সম্পর্কের ইতি টেনেছেন এই স্প্যানিশ কোচ। সিটির ডাগআউট ছাড়ার একদিন পার হতে না হতেই খবর প্রকাশ হয়েছে, পেপকে পেতে নাকি সবকিছুই উজাড় করে দেবে আল নাসর।
মোটা অঙ্কের বিনিময়ে ক্রিস্টিয়ানো রোনালদোকে দলে ভিড়িয়ে ফুটবল বিশ্বকে রীতিমতো ভড়কে দিয়েছিল আল নাসর। এরপর একে একে অনেক বড় বড় তারকা ফুটবলারদের দলে ভিড়িয়েছে সৌদি আরবের ক্লাবগুলো।
এবার সৌদি ক্লাব আল নাসরের টার্গেট পেপ গার্দিওলা। ক্লাবটি এমন একটি আর্থিক প্যাকেজ প্রস্তুত করছে যা ক্রীড়া জগতের ইতিহাসকে পুরোপুরি নতুন করে লিখবে।
ম্যানচেস্টার সিটিতে দায়িত্ব পালনকালে পেপ গার্দিওলা বছরে প্রায় ২৫ মিলিয়ন পাউন্ড, অর্থাৎ প্রায় ৩৩.৬ মিলিয়ন ডলার আয় করতেন। সেই সময় এটিই ছিল বিশ্ব ফুটবলে কোনো কোচের সর্বোচ্চ পারিশ্রমিকের একটি।
তবে মধ্যপ্রাচ্যের ফুটবল অঙ্গনের ঘনিষ্ঠ সূত্রগুলোর দাবি, আল নাসর এবার সেই রেকর্ডকেও ছাড়িয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। সৌদি ক্লাবটি নাকি গার্দিওলাকে প্রতি মৌসুমে প্রায় ৬৫ থেকে ৯৫ মিলিয়ন ডলার পর্যন্ত বেতনের প্রস্তাব দিতে পারে।

শুধু বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া কোচ বানানোই নয়, আল নাসরের লক্ষ্য পেপকে ক্লাবের তারকা ফুটবলারদের সমপর্যায়ের আয়ের কাতারে নিয়ে যাওয়া। অর্থাৎ, কোচ হিসেবেও তাকে সুপারস্টার মর্যাদায় দেখতে চায় সৌদি জায়ান্টরা।
প্রজন্মের আইকনদের দলে ভেড়াতে কী লাগে, তা আল নাসরের জানা আছে। ক্রিস্টিয়ানো রোনালদো শুধু শীর্ষ স্তরের প্রতিভাদের মরুভূমিতে আসার পথই খুলে দেননি; তিনি এক অবিশ্বাস্য আর্থিক দৃষ্টান্তও স্থাপন করেছেন। সিআরসেভেনের বর্তমান আয়ের পরিমাণ রীতিমতো মাথা ঘুরি দেওয়ার মতো।
প্রতি মাসে তার আয় প্রায় ২২.৩ মিলিয়ন ডলার। আর দিনের হিসেব করতে গেলে প্রতিদিন তার আয় প্রায় ৭ লাখ ৪৫ হাজার ডলার। আর প্রতি মিনিটে রোনালদো আয় করেন প্রায় ৫২০ ডলার।
এসকে/টিএ